দুই কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁরা পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভূমির আপত্তি মামলা নিস্পত্তি করতে গিয়ে এই অনিয়ম করেছেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন মাস আগে ঢাকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আপত্তি কর্মকর্তা বিশ্বজিৎ কুণ্ডু এবং বিনোদ বিহারী ত্রিপুরা উপজেলার রতনদী মৌজার দুই হাজার ৮৫টি আপত্তি মামলা নিষ্পত্তি করার অনুমোদন নিয়ে গলাচিপায় আসেন। তাঁরা জেলা পরিষদের গলাচিপা ডাকবাংলোয় অস্থায়ী কার্যালয় স্থাপন করে ভূমি মালিকদের আপত্তি নিষ্পত্তির কাজ শুরু করেন। এরই মধ্যে নতুন করে আরও প্রায় এক হাজার আপত্তি তাঁদের কাছে জমা হয়। এলাকাবসাীর অভিযোগ, নতুন আপত্তি মামলাগুলো নিষ্পত্তির জন্য ভূমি জরিপ অধিদপ্তরের সেটেলমেন্ট কর্মকর্তার অনুমোদন প্রয়োজন। ওই দুই কর্মকর্তা এ অনুমোদন আনিয়ে দেওয়ার কথা বলে প্রতিটি আপত্তি মামলার বিপরীতে ভূমি মালিকদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ৫০ লাখ টাকা নেন। একপর্যায়ে গত বুধবার রাতে কাউকে কিছু না জানিয়ে অস্থায়ী কার্যালয় বন্ধ করে ওই দুই কর্মকর্তা গলাচিপা থেকে চলে যান।পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শরীফ অভিযোগ করে বলেন ‘আমি আমার চারটি নতুন আপত্তি মামলার অনুমোদন করানোর জন্য ওই দুই কর্মকর্তার কাছে যাই। তাঁরা ওই চারটি মামলা নিষ্পত্তি করার অনুমোদন আনা বাবদ আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। অথচ কাজ না করেই বুধবার রাতে তাঁরা পালিয়ে গেছেন।’এ ব্যাপারে গত বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্বজিৎ কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘অল্প কয়েকটি মামলায় বিভিন্ন জটিলতা থাকায় সেগুলোর নিষ্পত্তি করা সম্ভব হয়নি। বাকিগুলো নিষ্পত্তি হয়েছে। নতুন কিছু আপত্তি মামলা এসেছিল। জরিপ অধিদপ্তরের অনুমোদন না থাকায় সেগুলোর কাজ আমরা করতে পারিনি। আর হরতাল থাকায় তাঁরা বুধবার রাতে গলাচিপা থেকে রওনা দেন।’ নতুন মামলাগুলোর নিষ্পত্তির অনুমোদন নেওয়ার জন্য ভূমি মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে গত দুই দিন বিনোদ বিহারী ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।