রূপালী ব্যাংকের লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দারবাজার শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ ওই দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তবে জমা করা অর্থ না পেয়ে ভুক্তভোগী গ্রাহকেরা হতাশ হয়ে পড়ছেন। তাঁরা দ্রুত অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। গ্রাহকেরা অভিযোগ করেন, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) আবদুল লতিফ ও হিসাবরক্ষক আবদুল মোতালেব ভূঁইয়া ১৫ বছর পোদ্দারবাজার শাখায় কর্মরত ছিলেন। এ সময় তাঁরা ব্যাংকের ওই শাখার প্রায় ছয় হাজার গ্রাহকের অন্তত পাঁচ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীদের বেশির ভাগই নোয়াখালী জেলার চাটখিল, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ উপজেলার ব্যবসায়ী এবং প্রবাসী। লক্ষ্মীপুর সদর উপজেলার রোকনপুর গ্রামের প্রবাসফেরত গোলাম মাওলা জানান, তাঁর হিসাবে জমা দেওয়া টাকার মধ্যে ৪৯ হাজার টাকার কোনো হদিস নেই। হিসাবে গরমিল করে ব্যাংকের কর্মকর্তারা ওই টাকা আত্মসাৎ করেছেন বলে তিনি অভিযোগ করেন। একই উপজেলার নন্দীপুর গ্রামের ব্যবসায়ী আমীর হোসেন অভিযোগ করেন, তাঁর হিসাব থেকে ৯০ হাজার টাকা ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা তুলে নিয়েছেন।পোদ্দারবাজারের ব্যবসায়ী নারায়ণচন্দ্র দাস জানান, তিনি নিজের হিসাবে পাঁচ লাখ ৬৪ হাজার টাকা জমা দিয়েছেন। জমার রসিদ তাঁর কাছে আছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে টাকা তুলে নিতে দিচ্ছে না। বাজারের আরেক ব্যবসায়ী মো. রিপন হোসেন জানান, তিনি তাঁর হিসাবে এক লাখ ২০ হাজার টাকা জমা দিয়েছেন। কিন্তু ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পেরেছেন মাত্র ৫০ হাজার টাকা জমা আছে। গত ১১ আগস্ট পোদ্দারবাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভুক্তভোগী গ্রাহকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রতারিত গ্রাহকেরা দ্রুত তাঁদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গত ১ ফেব্রুয়ারি দুই কর্মকর্তা আবদুল লতিফ ও আবদুল মোতালেব ভূঁইয়াকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে ব্যাংকের প্রধান সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমিনকে প্রধান করে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত এপ্রিল থেকে এই কমিটির তদন্ত চলছে। এ ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগ এনে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর থানায় দুটি মামলা করেন রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম।জানা গেছে, দ্বিতীয় কর্মকর্তা আবদুল লতিফ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী এবং হিসাবরকক্ষ আবদুল মোতালেব ভূঁইয়া লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামের বাসিন্দা। মামলার পর থেকে ওই দুজন পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, গত ৪ এপ্রিল মামলা দুদকে হস্তান্তর করা হয়েছে। রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে, ২০০২ সাল থেকে জালিয়াতির ঘটনার শুরু হয়। বেশির ভাগ ক্ষেত্রে গ্রাহকের টাকা হিসাবে জমা না দিয়ে কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে মনে হচ্ছে।ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আবদুল ওয়াহাব জানান, দুই কর্মকর্তার দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। প্রতিবেদন পেতে আরও দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। এরপর গ্রাহকদের টাকা প্রমাণসাপেক্ষে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।