দুই কর্মকর্তার বিরুদ্ধে ৫১ জনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুই কর্মকর্তার বিরুদ্ধে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই কমপ্লেক্স ও কমপ্লেক্সের অধীন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোর ৫১ জন কর্মকর্তা ও কর্মচারী গতকাল সোমবার ওই অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আশেক আলী ও স্বাস্থ্য পরিদর্শক মো. নূরুল ইসলাম দীর্ঘদিন ধরে ভিটামিন ও টিকাদান কর্মসূচি, বিভিন্ন প্রশিক্ষণের বরাদ্দ করা টাকা ভুয়া রসিদের মাধ্যমে আত্মসাৎ করে আসছেন। তাঁদের উৎকোচ না দিলে কর্মচারীদের নানাভাবে হয়রানি করা হয়।
অভিযোগকারীদের একজন স্বাস্থ্য সহকারী নাসির উদ্দিন জানান, সিভিল সার্জন অভিযোগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং দু-এক দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করবেন।
জানতে চাইলে পরিসংখ্যানবিদ মো. আশেক আলী ও স্বাস্থ্য পরিদর্শক মো. নূরুল ইসলাম বলেন, কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ষড়যন্ত্র করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।