সুন্দরবন থেকে তিনটি বাঘের বাচ্চা পাচারের ঘটনায় দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে পশ্চিম সুন্দরবনের দুজন কর্মকর্তাসহ নয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পৃথক দুটি আদেশে বৃহস্পতিবার তাঁদেরকে সাময়িক বরাখাস্ত কর হয়। সাময়িক বরখাস্ত করা কর্মকর্তা-কর্মচারীরা হলেন—খুলনার কয়রা উপজেলা আদালতে কর্মরত ডেপুটি রেঞ্জের মো. আলাউদ্দিন, বন বিভাগের খুলনা বিভাগীয় কার্যালয়ে কর্মরত ফরেস্টার সোহরাব আলী, খুলনা রেঞ্জের পাসকোস্টা টহল ফাঁড়িতে কর্মরত নৌকাচালক নেছার আলী, আবু দাউদ, ফরিদউদ্দিন, মীর্জা সইদুল ইসলাম, বনপ্রহরী আমিনুল ইসলাম, আবদুল রাজ্জাক ও মিজানুর রহমান। তাঁরা বাঘের বাচ্চা পাচারের সময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনে কর্মরত ছিলেন।বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে পাচার হওয়া তিনটি বাঘের বাচ্চা ১১ জুন ঢাকার শ্যামলীর একটি বাড়ি থেকে উদ্ধার করেন র্যাবের সদস্যরা। ১৩ জুন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বাদী হয়ে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের নুরুজ্জামান গাজী, আইয়ুব আলী, সামছুর, রইস উদ্দীন, মনিরুল ইসলাম, জহুর আলী ও কৈখালী গ্রামের আবু ইছাসহ সাতজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চারজনকে আসামি করে ওই মামলা করেন। বন্য প্রাণী সংরক্ষণ আইন সংশোধনী ১৯৭৪-এর বিশেষ ধারায় মামলাটি করা হয়। খুলনা বিভাগীয় কর্মকর্তা জমিরউদ্দিন আহমেদ জানান, তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে ওই সময় কৈখালী স্টেশনে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে কর্তব্য ও দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে।