দুই কর্মচারী তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার স্কুলের দুজন কর্মচারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাঙামাটি জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ ওমর ফারুক গতকাল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।কাপ্তাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল কাশেম বলেন, একই আদালত গতকাল ওই মেয়ের জবানবন্দিও গ্রহণ করেছেন। অন্যদিকে রাঙামাটি সদর হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক নীহার রঞ্জন মল্লিক মেয়েটির ডাক্তারি পরীক্ষা করেছেন। জানা গেছে, পাঁচ দিনের রিমান্ড চেয়ে ওই স্কুলের পিয়ন শিবু মল্লিক ও অফিস সহকারী উচিং থোয়াই মারমাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে হাকিম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার পিয়ন শিবু মল্লিক নিবন্ধনের জন্য ছবি জমা দেওয়ার কথা বলে মেয়েটিকে স্কুলের অফিসকক্ষে ডেকে নেন। পরে শিবু মল্লিক ও স্কুলের অফিস সহকারী উচিং থোয়াই মারমা তাকে সেখানে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মেয়েটি সোমবার থানায় অভিযোগ দাখিল করে। পরে পুলিশ অভিযুক্ত দুই কর্মচারীকে আটক করে। মঙ্গলবার মেয়েটির অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে মামলায় দুজন কর্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়।