দুই কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী শাকিল আহমেদ হত্যার বিচারের দাবিতে গতকাল শনিবার দুই স্থানে মানববন্ধন হয়েছে। শেরপুরের নালিতাবাড়ীতে কলেজশিক্ষার্থী ফয়সাল আহম্মেদ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সেখানেও একই ধরনের কর্মসূচি হয়েছে।
গৌরীপুরে শাকিল হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে তাঁর বাবা শাহেদুজ্জামান থানায় মামলা করেছেন। এতে পৌর এলাকার তমাল, হিমেল, আজহারুল ইসলাম ও ইমনকে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা ১১টায় গৌরীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষকেরা মানববন্ধন করেন। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে একই দাবিতে মানববন্ধন হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, আগামী রোববারের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে সোমবার থেকে লাগাতার আন্দোলনে যাবে সংগঠনটি।
গত বুধবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শাকিল আহমেদকে (১৮) ইট দিয়ে মাথা থেঁতলে আহত করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এদিকে ফয়সাল হত্যার বিচারের দাবিতে দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে পরিবার, এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন হয়। এ সময় ফয়সালের নাজমুল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা হয়। এতে বক্তব্য দেন প্রভাষক গোলাম মোস্তাফা, জাহেদুল ইসলাম, ইসরাত জাহান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তালুকদার রোজি সিদ্দিকি, ফয়সালের ফুফু ঝর্ণা বেগম, বড় বোন নিলুফার ইয়াসমিন, মা রেহেনা বেগম, বাবা আজিজুর রহমান প্রমুখ। এ সময় কথা বলতে গিয়ে ফয়সালের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
আজিজুর রহমান বলেন, ‘আমি গরিব মানুষ। আমার কলেজ পড়া ছেলেকে হত্যা করা হয়েছে। মামলা করেছি। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পুলিশ ও পরিবার সূত্র জানায়, পৌর শহরের পূর্ব কালিনগর এলাকার ফয়সাল আহম্মেদ (২২) গত সোমবার নিখোঁজ হন। বুধবার পৌর শহরের শ্মশানের পুকুর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ফয়সালের বাবা রাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
নালিতাবাড়ী ওসি মো. ফসিহুর রহমান বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশের একটি বিশেষ দল কাজ করছে।