লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসম্পাদক মুশফিক হত্যা মামলা থেকে দুই কলেজছাত্রকে অব্যাহতির দাবিতে তাদের অভিভাবকেরা গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছেন। আদিতমারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজছাত্র মেহেদি হাসানের বাবা আবদুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন আরেক কলেজছাত্র রাজিন আহমেদের বাবা আবদুল্লাহ মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর মুশফিক তাঁর দুই বন্ধু মেহেদি ও রাজিনসহ আদিতমারীর ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতুবাজার এলাকায় যান। সেখানে ওই ইউনিয়নের খোলাহাটি গ্রামের নাজিম উদ্দিন পূর্বের একটি প্রেমঘটিত ঘটনায় টাকা লেনদেনের বিষয়ে মুশফিককে পাশের ধানখেতে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহত মুশফিককে উদ্ধার করে ওই দিন রাতে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় মুশফিকের সঙ্গে মেহেদি হাসপাতালে ছুটে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মুশফিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেহেদিকে হাসপাতাল থেকে আটক করে পুলিশ। আর রাজিনকে ভাদাই সেতুবাজার এলাকার লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় পরদিন নিহতের চাচা আকতার হোসেন থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় মেহেদি ও রাজিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পরে নাজিম গত ২৪ সেপ্টেম্বর রাতে থানায় আত্মসমর্পণ করেন। নাজিম ২৫ সেপ্টেম্বর লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফেরদৌসী বেগমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুশফিককে একাই ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে মেহেদির বাবা রশিদ তাঁর ছেলেকে নির্দোষ দাবি করে তাঁকে মামলা থেকে অব্যাহতি ও মুক্তির দাবি জানান। মেহেদি লালমনিরহাট সরকারি কলেজ থেকে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এ সময় বগুড়া পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজিনের বাবা আবদুল্লাহও তাঁর ছেলেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান।