পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেড়াতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ দুই কলেজছাত্রসহ চারজনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের নাফ নদী থেকে দুই কিশোর ও গাজীপুরে শীতলক্ষ্যা নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্র সুপ্রিয় ঢালী (১৯) ও সালমান বিন জামানের (২০) সন্ধান পাওয়া যায়নি।
সুপ্রিয় ঢাকার মিরপুরের নাসির ঢালীর ছেলে এবং মিরপুর কমার্স কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সালমান মিরপুরের বড়বাগ এলাকার জামাল উদ্দিনের ছেলে এবং মণিপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। গত মঙ্গলবার পদ্মা নদীতে গোসল করতে নেমে এই দুজনসহ তিন কলেজছাত্র নিখোঁজ হন। তাঁদের মধ্যে মো. মহিম (১৯) নামের একজনের লাশ বুধবার উদ্ধার করা হয়। তিনি ঢাকার মোহাম্মদপুরের শাহ আলমের ছেলে। মহিম ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল কলেজে বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (সদর দপ্তর) শাহরিয়ার রহমান গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বলেন, সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। বিকেল পাঁচটা থেকে অভিযান বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান আর চালানো হবে কি না, সে বিষয়ে রাতে সিদ্ধান্ত নেওয়া হবে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ স্কুলছাত্র শেখ মো. হাসানের (১৭) সন্ধান পাওয়া যায়নি। হাসান ঢাকার পূর্ব নাখালপাড়ার মো. বিল্লাল শেখের ছেলে। সে তেজগাঁও এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসান ও তার বন্ধু টিপু নদীতে গোসল করতে নামে। প্রবল স্রোতে হাসান তলিয়ে যায়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শরজিৎ কুমার ঘোষ বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও হাসানের সন্ধান পায়নি। বুধবার সকাল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ট্রলারে করে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও সন্ধান মেলেনি। হাসানের স্বজনেরাও নিজ উদ্যোগে নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান করছেন।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর জালিয়াপাড়া থেকে সাদ্দাম হোসেনের (১৬) ও নয়াপাড়া থেকে মো. আয়ুবের (১৫) লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়ি সদর উপজেলার নাজিরপাড়ায়।
এ নিয়ে উদ্ধার করা হয়েছে তিনজনের লাশ। আনোয়ার সাদেক নামের আরেক কিশোর এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ রাকিবুল ইসলামের (১৬) লাশ পাওয়া গেছে। গতকাল সকালে ঘটনাস্থলের কিছু দূর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাকিবুল শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের আবুল কালামের ছেলে। সে বিধাই দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি এবং মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ (ঢাকা) ও শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা]