দুই কলেজছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজিনা আক্তার ও নাসরিন আক্তার
রোজিনা আক্তার ও নাসরিন আক্তার

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার ফতেপুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে লাকসাম বাইপাস সড়কের বিদ্যুৎ উপকেন্দ্রের সামনের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি ট্রাক ফতেপুর এলাকায় লাকসামগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে জসিম উদ্দিন (৩৫), অটোরিকশার আরোহী একই গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী মোহসেনা আক্তার (৩০), পথচারী লাকসাম পৌরসভার ধামৈছা এলাকার মমতাজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৩৫)। গুরুতর আহত গাড়িটির আরও দুই আরোহী লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী নাসরিন আক্তার (২০) ও রোজিনা আক্তার (১৯) এবং রাজাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাজুকে (২৬) লাকসামের দুটি হাসপাতালে নেওয়া হয়। রোজিনা ও নাসরিন লাকসামের দুটি হাসপাতালে মারা যান। গুরুতর আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নাসরিন আক্তারের বাড়ি নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাইল গ্রামে। রোজিনা আক্তার রাজাপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী।