দুই কলেজের ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া আহত ৪
রাজধানীর দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় অন্তত চারজন ছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সোয়া দুইটার দিকে আইডিয়াল কলেজের কিছু ছাত্র সিটি কলেজে গিয়ে হামলা চালায় এবং প্রতিষ্ঠানের জানালার কাচ ভাঙচুর করে। এ সময় তাদের ধাওয়া দেয় সিটি কলেজের ছাত্ররা। পরে সিটি কলেজের ছাত্ররা গিয়ে আইডিয়াল কলেজের জানালার কয়েকটি কাচ ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে চারজন ছাত্র সামান্য আহত হয়েছে বলে ওসি জানান।পুলিশ জানায়, ঘটনার কারণ সম্পর্কে তারা জানতে পারেনি। পরে উভয় কলেজের কর্তৃপক্ষ বসে বিষয়টির সুরাহা করে।সিটি কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মোবাইল লেনদেনের জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি।’আইডিয়াল কলেজের অধ্যক্ষ শামসুল আলম জানান, এ ঘটনায় উভয় কলেজের কয়েকজন শিক্ষকের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার তদন্ত করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে করণীয় ঠিক করবে।