লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
উপজেলা জামায়াতের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল খায়ের মো. ইসমাইল বলেন, গতকাল সোমবার বেলা তিনটার দিকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী শাহাদত হোসেনের সমর্থকেরা বান্দেরপাড় বাইতুন নূর জামে মসজিদ এলাকায় তাঁর প্রচারণার মাইক ভাঙচুর করেন।
আবুল খায়ের মো. ইসমাইল বলেন, তাঁর কর্মী মো. আজগর, রিকশাচালক মো. বাবু ও ভোটার হুমায়ুন করিরকে মারধর করা হয়। আহত হুমায়ুনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শাহাদত হোসেন পাল্টা অভিযোগ করেন, রশিদিয়া জামে মসজিদ এলাকায় আবুল খায়েরের আত্মীয়স্বজন ও সমর্থকেরা বিকেল চারটার দিকে তাঁর প্রচারণার মাইক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় অটোরিকশার চালক মো. ইয়াছিনকে মারধর করা হয়। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আবুল খায়ের মো. ইসমাইল এ অভিযোগ অস্বীকার করেছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।