দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পৌরসভায় গত বুধবার রাতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে একজন ছুরিকাহত হয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতেই কেশবপুর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মনোয়ার হোসেন অভিযোগ করেন, বুধবার রাত নয়টার দিকে সাবদিয়া ঋষিপাড়ায় ভোট চাইতে যান তাঁর কয়েকজন সমর্থক।
ফেরার পথে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের সমর্থক বাবুসহ কয়েকজন হামলা চালান। এ সময় তাঁর (মনোয়ার) সমর্থক সফি কামালকে (৩৫) ছুরিকাঘাত করা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া
হয়। এ ঘটনায় সফি কামাল কেশবপুর থানায় একটি মামলা করেছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ২৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সাবদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেন (৫৫) এবং কর্মী-সমর্থক আবদুল কুদ্দুস (৫০), মোর্শেদ (৫২) ও শহিদুল ইসলাম (২২)।
কাউন্সিলর প্রার্থী জাকারিয়া হোসেন প্রথম আলোকে বলেন, ‘যখন মারামারি হয়, তখন আমি সফরাবাদে ছিলাম। পূর্বশত্রুতার জের হিসেবে মারামারি হলেও রাজনৈতিক রং দিয়ে বিএনপির কর্মীদের নামে মামলা করা হয়েছে। আমি বিএনপির সমর্থক হওয়ায় নির্বাচনের ক্ষেত্রে এ মামলায় ক্ষতিগ্রস্ত হব।’