দুই কারখানাকে কোটি টাকা জরিমানা
তুরাগ নদ দূষণের দায়ে ঢাকার সাভারের দুটি পোশাক কারখানাকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে মালিকপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়। একই কারণে আরও আটটি পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর থেকে জানা যায়, দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি তুরাগ নদ দূষণের সঙ্গে যুক্ত সাভারের ১০টি পোশাক কারখানা চিহ্নিত করা হয়। এর মধ্যে গতকাল রাজফুলবাড়িয়া এলাকার বাংলাদেশ ড্রেসেস (ইউনিট-২) নামের একটি পোশাক কারখানাকে ৮০ লাখ এবং সাভার পৌর এলাকার কর্ণপাড়ার বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দুটি কারখানার বিরুদ্ধে পাঁচ বছরেরও বেশি সময় ধরে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ইটিপি নির্মাণ ছাড়া কারখানায় সৃষ্ট তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে পাশের তুরাগ নদে ফেলা হচ্ছে। এতে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুনানিতে কারখানা দুটির মালিক উপস্থিত হয়ে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আলমগীর হোসেন জরিমানার মাধ্যমে ক্ষমা করে দেন।
কারখানা দুটির পক্ষ থেকে জরিমানার এক কোটি টাকার মধ্যে ১০ লাখ করে ২০ লাখ টাকা দেওয়া হয়। অবশিষ্ট টাকা কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করা হয়।
আলমগীর হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে বিশেষ অভিযান চালিয়ে তুরাগ নদ দূষণের সঙ্গে যুক্ত ১০টি কারখানাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দুটি কারখানাকে গতকাল জরিমানা করা হয়েছে। অবশিষ্ট আটটি কারখানার মালিক পক্ষকে শুনানির জন্য আগামী ৩০ মার্চ অধিদপ্তরে তলব করা হয়েছে।