দুই কারখানাকে ২৯ লাখ টাকা জরিমানা
গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে দূষিত তরল বর্জ্য আবাদি জমি, খাল ও নদীতে ফেলে পরিবেশ বিপর্যয় ঘটানোর দায়ে গতকাল মঙ্গলবার দুটি শিল্প-কারখানাকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটি হচ্ছে পদ্মা পেপার মিলস লিমিটেড ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল মিলস। পরিবেশ অধিদপ্তরের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, পদ্মা পেপার মিলসের বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকলেও কারখানার পার্শ্ববর্তী ৩০০ কাঠা কৃষিজমিতে রাসায়নিক পদার্থমিশ্রিত দুর্গন্ধযুক্ত দূষিত বর্জ্য ফেলে মারাত্মক দূষণ ঘটিয়েছে। অপর দিকে ডার্ড কম্পোজিটের অভ্যন্তরে একটি বড় জলাশয়ে বিপুল পরিমাণ বর্জ্য পানি সংরক্ষণ করে তা সরাসরি ড্রেনের মাধ্যমে স্থানীয় খালে ফেলা হচ্ছে। পদ্মা পেপার মিলকে ১০ লাখ টাকা এবং ডার্ড কম্পোজিটকে ১৯ লাখ টাকা ক্ষতিপূরণের দণ্ড প্রদান করে বর্জ্য ফেলা বন্ধের কঠোর নির্দেশ দেওয়া হয়।