দুই কারখানাকে ৫১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীকে শিল্পবর্জ্যে দূষণ করার দায়ে গতকাল বৃহস্পতিবার কালুরঘাট ভারী শিল্প এলাকার দুটি কারখানাকে মোট ৫১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।অভিযান পরিচালনাকারীদের সূত্র জানায়, কারখানা দুটির মধ্যে এস এ গ্রুপ নামের শিল্পগোষ্ঠীর ভোজ্যতেল কারখানা এস এ অয়েল রিফাইনারি লিমিটেডকে ৩০ লাখ এবং মির পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়। দূষণ করার মাত্রা বেশি হওয়ায় মির পেপার ইন্ডাস্ট্রিজের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, এই কারখানা দুটি থেকে নির্গত তরল বর্জ্য খালের মধ্য দিয়ে কর্ণফুলী ও হালদা নদীতে পড়ে। এতে জলজ প্রাণী হুমকির মুখে পড়ছে। দুটি কারখানা পরিবেশ ছাড়পত্র ছাড়া উৎপাদন করে নদী দূষণ করে আসছে। এ দুটিতে তরল বর্জ্য শোধনাগারও (ইটিপি) নেই। তিনি জানান, কারখানা দুটিকে অবিলম্বে ইটিপি বসানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে, এস এ অয়েল রিফাইনারি ২০০২ সাল এবং মির পেপার ইন্ডাস্ট্রিজ ২০১০ সাল থেকে উৎপাদনে রয়েছে। এস এ অয়েলের নির্গত তরল বর্জ্যের নমুনা তাৎক্ষণিক পরীক্ষা করে তাতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে ৩ দশমিক ৪ মিলিগ্রাম এবং পিএইচএর মাত্রা পাওয়া যায় ৯ দশমিক ৪। মির পেপার ইন্ডাস্ট্রিজের নির্গত বর্জ্যের নমুনা পরীক্ষা করে তাতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে ২ দশমিক ৮ মিলিগ্রাম ও পিএইচএর মাত্রা ৮ দশমিক ০৮ পাওয়া যায়।