দুই কারখানার দেড় শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন-আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভারের রাজাসন ও হেমায়েতপুর এলাকার দুটি পোশাক কারখানার দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাঁদের সাভারের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানা দুটিতে ছুটি ঘোষণা করে।আশুলিয়ার নিশ্চিন্তপুরে গত শনিবার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন শ্রমিক নিহত হন। ওই ঘটনার পর থেকে এই এলাকার শ্রমিকদের মধ্যে আগুন-আতঙ্কের সৃষ্টি হয়েছে। সাভার থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে রাজাসনের ভিশন অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি টিউবলাইট ফেটে ধোঁয়া বের হয়। এ সময় কয়েকজন শ্রমিক আগুন আগুন বলে চিৎকার করলে শ্রমিকেরা কাজ বন্ধ করে ছোটাছুটি করতে থাকেন। তখন সংকেত বেজে উঠলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে পড়ে ও পদদলিত হয়ে কমপক্ষে ১২০ জন শ্রমিক আহত হন।এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক নুরুন্নাহার বলেন, তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে অনেক শ্রমিক মারা যাওয়ার পর থেকে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারখানার ভেতরে সামান্য ধোঁয়া দেখলে বা কোনো ছোটখাটো শব্দ শুনলেই তাঁরা সতর্ক হন। কোনো কিছু খতিয়ে দেখার অপেক্ষায় না থেকে তাঁরা কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন।কারখানার মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল কবীর বলেন, তৃতীয় তলার একটি লাইট ফেটে সামান্য ধোঁয়া বের হয়। শ্রমিকেরা তাড়াহুড়া করে নামার সময় পড়ে গিয়ে এবং পদদলিত হয়ে আহত হন।হেমায়েতপুরের ক্রিশ্চেন লেদার লিমিটেডে বেলা সাড়ে তিনটার দিকে আগুন-আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের অধিকাংশই সিঁড়ির রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাঁদেরও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায়, সেখানে দুটি প্রতিষ্ঠানের অর্ধশত শ্রমিক ভর্তি হয়েছেন। অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আগুন-আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে কারখানা দুটির অনেক শ্রমিক আহত হয়েছেন।