দুই কারখানায় অসন্তোষ
ঢাকার অদূরে আশুলিয়ার বাইপাইল ও ছয়তলা এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। কারখানা বন্ধ ষোঘণা, শ্রমিক ছাঁটাই ও মামলার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করেন। শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়তলা এলাকার মেডলার নামের একটি তৈরি পোশাক কারখানার ৩০ জন শ্রমিককে বহিষ্কার এবং প্রায় ১০০ শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গতকাল সকালে এসব শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে সকাল আটটার দিকে বাইপাইল এলাকার হানারো নামের আরেকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে তাঁদের সরিয়ে দেয়। শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের দাবির মুখে কর্তৃপক্ষ খাবারের টাকা বাড়ানোর আশ্বাস দিলেও গত মাসের বেতনের সঙ্গে ওই বর্ধিত টাকা দেওয়া হয়নি। এর প্রতিবাদ করায় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে নানা রকম টালবাহানা করতে থাকে। এ নিয়ে কয়েক দিন আগে তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ করে হালকা ভাঙচুর করেন। এ ব্যাপারে আশুলিয়া থানায় কিছু শ্রমিকের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ মামলা করে।