দুই কারণে কনটেইনার জটে চট্টগ্রাম বন্দর
ঈদের ছুটিতে আমদানি পণ্যভর্তি কনটেইনার জটে পড়েছে চট্টগ্রাম বন্দর। জটের কারণে জাহাজে কনটেইনার নামানো-ওঠানোর কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পণ্য খালাসের হার না বাড়লে এই জট আরও বাড়ার আশঙ্কা করছেন বন্দর কর্মকর্তারা।
বন্দর কর্মকর্তারা জানান, দুই কারণে বন্দরে আমদানি পণ্যবাহী কনটেইনারের জট তৈরি হয়েছে। ঈদের ছুটির পর কারখানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা পণ্য খালাস করছেন না। আবার বেসরকারি ডিপোগামী আমদানি পণ্যবাহী কনটেইনারও খালাস হচ্ছে না।
বন্দরের পর্ষদ সদস্য মো. জাফর আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ঈদের দিন ছাড়া বন্দর সব সময় সচল রয়েছে। জাহাজ থেকে কনটেইনারও নামানো হচ্ছে। কিন্তু ঈদের পর থেকে ব্যবসায়ীদের পণ্য খালাস নেওয়ার হার খুবই কম। এতে কনটেইনারের স্তূপ বেড়ে বন্দরের পরিচালন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বন্দরের হিসাবে দেখা যায়, গতকাল বুধবার সকাল আটটায় বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনার পড়েছিল ৩৭ হাজার ৫৫০টি। অথচ এ ধরনের পণ্যবাহী কনটেইনার রাখার ধারণক্ষমতা প্রায় ২৭ হাজার। এ হিসেবে ধারণক্ষমতার চেয়ে সাড়ে ১০ হাজার কনটেইনার অতিরিক্ত পড়েছিল বন্দরে।
বন্দর ব্যবহারকারী ফোরাম ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ঈদের পর বন্দর থেকে পণ্য খালাস কমার জন্য শুধু ব্যবসায়ীদের একা দোষ দিলে হবে না। কারণ এ সময়ে শ্রমিক পাওয়া যায় না। পণ্য পরিবহনের গাড়িও মেলে না। আবার ঈদের তিন দিন আগে-পরে মহাসড়কে ট্রাক চলাচল নিষিদ্ধ। আগামী শনিবার থেকে এই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তিনি।