দুই কারাগারের ২৬ জন বিদেশি বন্দীকে শীতবস্ত্র দিয়েছে রেড ক্রিসেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও রাঙামাটি কারাগারে ২৬ জন বিদেশি বন্দীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট দুপুরের দিকে জেলা কারাগারের ফটকে ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করে। কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম হোসেন জানান, বন্দীদের সবার সাজার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু ভারত সরকারের অনাগ্রহের কারণে তারা দেশে ফিরতে পারছে না। এ অবস্থায় তাদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়েছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট। এ সময় ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার প্রমুখ উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে জেলা কারাগারে বন্দী ১৫ জন বিদেশির মধ্যে শীতবস্ত্র ও কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।