দুই কারাবন্দীর মৃত্যু
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মৃত দুই ব্যক্তি হলেন অহির উদ্দিন খান (৫৮) ও মো. নাদিম (৪৮)। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁদের বাসা ঢাকার সূত্রাপুরের ডিস্টিলারি রোডে।
কারারক্ষী মো. হানিফ বলেন, ঢাকার সূত্রাপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাদিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। অসুস্থ হয়ে পড়লে গতকাল মঙ্গলবার কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁর মৃত্যু হয়।
কারারক্ষী মাসুদ রানা বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অসুস্থ কারাবন্দী অহির উদ্দিন খানকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগেও কয়েকবার তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল।