দুই কারারক্ষী বরখাস্ত, হত্যার অভিযোগে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাকির হোসেন (৩০) নামের এক কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের দাবি, তাঁকে শ্বাসরোধ করে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকাণ্ডের তাঁরা সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন।
গত মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জাকিরকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাকির নগরের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার জেবল হোসেনের ছেলে। কর্ণফুলী থানার একটি অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। ২০০৭ সালের ২৪ মে কারাগারে আসেন জাকির।
এদিকে জাকিরকে হত্যার অভিযোগ তুলে তাঁর গ্রামের বাড়ি নগরের কর্ণফুলী চরলক্ষ্যা এলাকায় গতকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
অপরদিকে, এ ঘটনার তদন্তে চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপ-মহাকারাপরিদর্শক অসীম কান্তি পালকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন রাঙামাটির জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মাঈন উদ্দিন ভুঁইয়া ও ফেনীর কারাধ্যক্ষ দিদারুল আলম।
তদন্ত কমিটির প্রধান অসীম কান্তি পাল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়িত্বে গািফলতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে, হত্যা না আত্মহত্যা।’
এদিকে সন্ধ্যায় কারাগারে লকআপ (বন্দীদের তালাবদ্ধ কক্ষে রাখা) রাখার নিয়ম হলেও কয়েদি জাকির কীভাবে হাসপাতালের বারান্দায় এসে গলায় গামছা পেঁিচয়ে আত্মহত্যা করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে কারারক্ষী জেবুল হক ও আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া প্রধান কারারক্ষী হাছান ও নাছিরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে জানান, সাজাপ্রাপ্ত কয়েদি জাকির হোসেন আদালতে বন্দীদের আনা-নেওয়ার রেজিস্টার দেখাশোনা করতেন। মঙ্গলবার আদালত থেকে অনেক বন্দীর আসতে সন্ধ্যা হয়ে যায়। তিনি বন্দীদের ওয়ার্ডে রাখাসহ যাবতীয় কাজ সেরে রাত নয়টার দিকে কারা হাসপাতালের সিঁিড়র রেলিংয়ের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছগির মিয়া বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
সন্ধ্যার পর কয়েদি জাকিরের বাইরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, কাজ শেষ করতে দেরি হয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে গতকাল নিহত জাকিরের ছোট ভাই ইয়াকুব কায়সার প্রথম আলোকে অভিযোগ করে বলেন, ‘আমার ভাই আত্মহত্যা করেননি। এক দিন আগে কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে জেনেছি ভালো আছেন। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। ভাগ-বাঁটোয়ারা নিয়ে অন্য কয়েদিরা এ কাজ করতে পারেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত চাই আমরা।’
গতকাল দুপুর সাড়ে ১২টায় মর্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেনের উপস্থিতিতে নিহত জাকিরের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পাঁচলাইশ থানার এসআই আবদুল মোতালেব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদনে জাকিরের গলায় নিচে চন্দ্রাকৃতির দাগ রয়েছে। শরীরের কোথাও আঘাতে কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।