দুই কিলোমিটার সড়কের অর্ধেক অংশই বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বিভিন্ন স্থানে ইট-সুরকি উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক দেবে গিয়ে কোনো কোনো অংশ পেয়েছে খালের চেহারা আবার কোথাও বা সড়কের দশা হয়েছে চষা জমির মতো। চট্টগ্রামের পটিয়া উপজেলার বাঁকখালী সড়কের এমন দশার কারণে হাঁটাচলাও দায় হয়ে উঠেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সোয়া দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কের ফারুক আহমদ সিদ্দিকীর বাড়ি এলাকা থেকে ভাটিখাইন ইউনিয়নের সীমানা পর্যন্ত এক কিলোমিটার অংশ বেহাল।
পটিয়া পৌর কর্তৃপক্ষ জানায়, পটিয়া সদরের সঙ্গে ভাটিখাইনের বাঁকখালী ও করল গ্রামকে যুক্ত করেছে সড়কটি। সড়কের প্রায় এক কিলোমিটার অংশ পিচ ঢালাই করা হলেও বাকি অংশ ইট বিছানো। পিচঢালাই অংশ ভালো থাকলেও ভেঙে গেছে সড়কের ইট বিছানো অংশ।
সড়কটি দিয়ে একসময় যানবাহন চলাচল করলেও এখন লোকজন হেঁটেই চলাচল করে। এতে দুই গ্রামের মানুষ যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে। পাশাপাশি সড়কের পাশে অবস্থিত পৌর এলাকার বাসিন্দারাও যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন।
গত কয়েক বছর সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষিপণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পটিয়া পৌরসভার অন্তর্ভুক্ত সড়কটি সংস্কার না হওয়ার ক্ষুব্ধ এলাকাবাসী।
পটিয়া পৌর সদরের মুনসেফ বাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘সড়কের বেহাল দশার কারণে পৌর এলাকার অধিবাসী হয়েও মনে হচ্ছে আমরা কোনো দুর্গম গ্রামে বসবাস করছি। পৌর সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কটিতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। তখন হাঁটাও কষ্টকর হয়ে দাঁড়ায়।’
পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা বলেন, এ সড়ক দিয়ে যাতায়াতে কেবল পথচারীদের কষ্ট হচ্ছে না। বরং সড়কের আশপাশের কয়েক হাজার একর কৃষিজমির পণ্য পরিবহনেও সমস্যা সৃষ্টি হচ্ছে।
পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, বাঁকখালী সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। সংস্কার প্রকল্পকে উপজেলার গুরুত্বপূর্ণ প্রকল্পর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুদান পেলেই সড়কটির সংস্কার কাজ শুরু হবে।