দুই কিলোমিটারে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া-বড় মাছুয়া সড়কের দুই কিলেমিটার জায়গার পিচ ও খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মল্লিকবাড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো
পিরোজপুরের মঠবাড়িয়া-বড় মাছুয়া সড়কের দুই কিলেমিটার জায়গার পিচ ও খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মল্লিকবাড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো

সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। গর্তে রিকশা, ভ্যান, অটোরিকশা, টমটমসহ যানবাহনের চাকা আটকা পড়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে কয়েক হাজার মানুষ।
এ অবস্থা পিরোজপুরের মঠবাড়িয়া-বড় মাছুয়া স্টিমারঘাট সড়কের। এক বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। তবে সে কাজ শেষ হওয়ার কয়েক মাস পরই সড়কটি আবার বেহাল হয়ে পড়ে।
স্থানীয় লোকজন বলেন, সড়কটি বড় মাছুয়া স্টিমার ঘাটে যেতে উপজেলা সদরসহ সাতটি ইউনিয়নের মানুষের একমাত্র পথ। বড় মাছুয়া ইউনিয়নের বড় মাছুয়া, খেজুরবাড়িয়া, চর ভোলমারা ও দক্ষিণ বড় মাছুয়া এবং বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী ও কালিরহাট গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগেরও মাধ্যম এটি। সড়কটি বেহাল হয়ে পড়ায় স্টিমারের যাত্রী ও স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মঠবাড়িয়া থেকে বড় মাছুয়া স্টিমার ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের চার থেকে পাঁচ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। তবে সবচেয়ে খারাপ অবস্থা মঠবাড়িয়া পৌরসভার খাদ্যগুদাম থেকে বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী ইয়াসিন খানের বাড়ি পর্যন্ত দুই কিলোমিটারের। এ অংশে পিচ ও খোয়া সম্পূর্ণ উঠে গিয়ে ২০টির বেশি ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। মল্লিক বাড়ি ও মাতবর বাড়ি এলাকায় সড়কের চার থেকে পাঁচ জায়গায় এক থেকে দেড় ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহন হেলেদুলে চলাচল করছে। দুপুরের দিকে মল্লিক বাড়ির সামনের সড়কের গর্তে মালবাহী একটি গাড়ির চাকা আটকে পড়ে। এক ঘণ্টার চেষ্টায় গাড়িটি গর্ত থেকে তোলা সম্ভব হয়।
গাড়িটির চালক মো. কালাম বলেন, প্রতিদিনই সড়কটি দিয়ে মালামাল পরিবহন করতে গিয়ে গাড়ির চাকা গর্তে আটকে যায়।
পশ্চিম মিঠাখালী গ্রামের টমটমচালক আবদুস সালাম বলেন, সড়কটিতে এক সপ্তাহ আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে চারজন আহত হয়েছেন। একজনের হাত ভেঙে গেছে।
মাহেন্দ্রচালক বেল্লাল হাওলাদার বলেন, গর্তে চাকা আটকে গেলে যাত্রীদের নামিয়ে ঠেলে গাড়ি উঠাতে হয়। দক্ষিণ মিঠাখালী গ্রামের আকলিমা বেগম বলেন, রিকশাচালকেরা এ সড়কে যাত্রী নিতে চান না। বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হয়।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সড়কটির দুই কিলোমিটার সংস্কারের জন্য ২০১২-২০১৩ অর্থবছরে ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১৩ সালের ২ মে স্বর্ণা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গত বছরের আগস্টে দায়সারাভাবে কাজ শেষ করা হয়। কিন্তু দুই-তিন মাসের মধ্যে সড়কের ওই অংশের পিচ ও খোয়া উঠে যায়।
স্বর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম মৃধা বলেন, ঠিকমতো বরাদ্দ না পাওয়ায় কাজ শেষ করতে দেরি হয়েছে। কাজ শেষ করার পর বৃষ্টি ও জোয়ারের পানির কারণে সড়ক আবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০১৫-১৬ অর্থবছরে সড়কটির বেহাল ১ হাজার ৬০০ মিটার সংস্কারের জন্য গত ফেব্রুয়ারিতে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এখনো কাজ শুরু হয়নি। সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মতিউর রহমান বলেন, শিগগিরই ঠিকাদার কাজ শুরু করবেন।