নারায়ণগঞ্জের আড়াইহাজার ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলার সংযোগকারী সড়কের দুই কিলোমিটার অংশে বৃষ্টির পানিতে অন্তত ২৫টি বড় গর্তের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ দুই সপ্তাহেও এসব গর্ত ভরাট না করায় এই যাত্রাপথে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যাত্রীরা পোহাচ্ছে সীমাহীন দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কের আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাট থেকে রামচন্দ্রদী বেইলি সেতু পর্যন্ত ২৫টি স্থানে গর্তের সৃষ্টি হয়। কোনো কোনো স্থানে গর্ত পার হতে গিয়ে যানবাহন উল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত বুধবার কড়িকান্দি এলাকায় গিয়ে দেখা গেছে, ফেরিঘাটের সঙ্গে ইটের সংযোগ সড়কটির সাতটি স্থানে বড় গর্ত রয়েছে এবং মানিকপুর গ্রামের পশ্চিম দিকে রামচন্দ্রদী বেইলি সেতু পর্যন্ত রাস্তার দুই পাশের অন্তত ১৮ স্থানে ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে চলছে, বাস-ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।
বাঞ্ছারামপুরের মাইক্রোবাসচালক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই এই রাস্তা দিয়ে আমার ঢাকা যাওয়া-আসা করতে হয়। ভয়ে ভয়ে গাড়ি চালাইতে হয়।’
ফেরির ইজারাদার মাহাবুল হক বলেন, ‘বহুবার মেরামতের কথা বললেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।’
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) উপসহকারী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান বলেন, বৃষ্টির পানি নেমে রাস্তার কয়েকটি স্থানে ভেঙে গেছে, তবে সাময়িকভাবে মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরোপুরি মেরামত করতে হলে দরপত্র আহ্বান করতে হবে। তা করতে সময় লাগবে।