দুই কিলোমিটার গেলেই দাম বাড়ে চারগুণ!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর দুদুখান পাড়ায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বসে ধনেপাতার অস্থায়ী বাজার। আশপাশের এলাকার কৃষকেরা উৎপাদিত ধনেপাতা ওই বাজারে নিয়ে আসে। গোয়ালন্দ বাজারসহ আশপাশের জেলার ব্যাপারীরা সেখান থেকে ধনেপাতা কিনে নিয়ে যান।
গোয়ালন্দ বাজার থেকে দুদুখান পাড়ার দূরত্ব মাত্র দুই কিলোমিটার। অথচ এই দুই বাজারে দামের পার্থক্য চার গুনেরও বেশি। বর্তমানে এক কেজি ধনেপাতা কৃষক দুদুখান পাড়া বাজারে বিক্রি করছে ১৪ থেকে ১৬ টাকায়। গোয়ালন্দ বাজারে সেটা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।
দুদুখান পাড়ায় গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক বস্তাভর্তি ধনেপাতা নিয়ে রাস্তার ওপর বিক্রির অপেক্ষায় বসে আছেন। রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি বস্তাভর্তি ধনেপাতা। আশপাশের বাড়িতেও অনেকে নিয়ে বসেছেন। একটু দূরেই জামতলা বাজার। বাজার সংলগ্ন জামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ছড়িয়ে রাখা পাতা। গোয়ালন্দ বাজারসহ দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা স্কুল মাঠ ও দুদুখান পাড়া থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে পাতা কিনছেন।
গোয়ালন্দ বাজার থেকে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘সরাসরি কৃষকদের থেকে অনেক কম দামে কিনতে পারছি। গত বছরও কৃষকের কাছ থেকে কিনেছি। এ বছর ধনেপাতা বোনার আগে আমার কাছ থেকে অনেকে ঋণ নিয়েছিল। বিনিময়ে তাদের খেতের পাতা আমি নেব। বাইরে কারও কাছে ওই কৃষক বিক্রি করতে পারবেন না।’ তিনি জানান, তাঁর মতো প্রায় শতাধিক মৌসুমি ব্যবসায়ী কৃষকদের বীজ বপনের আগে দাদন হিসেবে টাকা দিয়েছেন।
ফরিদপুরের গোপালপুর থেকে আসা মৌসুমি ব্যবসায়ী হাফিজুল ইসলাম বলেন, ‘প্রতি বছর এখান থেকে ধনেপাতা কিনে সাভারসহ ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করি। এবার প্রায় এক মাস ধরে প্রথম দিকে ১২০০ থেকে ১৪০০ টাকা মণ হিসেবে কিনেছি। তখন দিনে দুই-তিন বস্তা কিনেছি। বর্তমানে ৬০০ থেকে ৭০০ টাকা মণ হিসেবে কিনে ছোট ট্রাকে করে নিচ্ছি। খরচ বাদ দিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা করে লাভ হয়।’ প্রতিদিন এই অস্থায়ী বাজারে প্রায় ৬০০ থেকে ৭০০ মন ধনেপাতা বিক্রি হয় বলে তিনি জানান।
স্থানীয় কৃষক হাসেম মিয়া বলেন, ‘নিজের এক বিঘাসহ অন্যের আরও এক বিঘা জমিতে ধনেপাতা বুনেছিলাম। ওই সময় আরশাদ শেখ নামের এক ব্যাপারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। শর্ত ছিল, আমার ধনেপাতা অন্য কারও কাছে বিক্রি করা যাবে না। তাই শর্ত মোতাবেক তিনিই সব ধনেপাতা নিচ্ছেন।’
দুদুখান পাড়া বাজার ও গোয়ালন্দ বাজার ঘুরে দেখা গেছে, এই দুই বাজারে প্রতি কেজি ধনেপাতার দামের ব্যবধান চারগুণ। দুদুখান পাড়ায় খুচরা ১৮ থেকে ২০ টাকা ও পাইকারি বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা কেজি। মাত্র দুই কিলোমিটার দূরে গোয়ালন্দ বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় মধ্যস্বত্বভোগী একটি চক্র কৃষকদের ন্যায্য দাম থেকে বঞ্চিত করছে।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির বলেন, ওই এলাকা থেকে প্রতিদিন বেশ কিছু ট্রাক ভর্তি ধনেপাতা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যায়। কয়েক দিন স্থানীয় আবুল নামের এক ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে টোল তুলছিলেন। কৃষক ও ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে সেটা বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে আমরা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ন্ত্রণে রেখে বাজার বসানোর চিন্তা করছি।