দুই কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায়...
নাটোর সদর উপজেলার আবদানপুর-চেউখালী গ্রামের মধ্যবর্তী মাত্র দুই কিলোমিটার রাস্তা পাকা না করায় ২০ গ্রামের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।এলাকাবাসী জানান, নাটোর শহর থেকে ১৭ কিলোমিটার আর নলডাঙ্গা থানা সদর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে আবদানপুর গ্রাম। এই গ্রাম থেকে মাত্র কয়েক শ গজ দূরেই রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপতিপাড়া গ্রাম। এই গ্রাম থেকে নওগাঁর আত্রাই পর্যন্ত একটি পাকা সড়ক রয়েছে। এখান থেকে অপর একটি পাকা সড়ক রাজশাহীর বাগমারা উপজেলা সদরে গেছে। আবার শ্রীপতিপাড়া গ্রাম থেকে নাটোরের চেউখালী পর্যন্ত দুই কিলোমিটার পাকা রাস্তা আছে। অথচ আবদানপুর থেকে চেউখালী পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তা কাঁচা। বর্ষার সময় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আর শুকনো মৌসুমে ধুলায় ভরে ওঠে। তখন এই রাস্তায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। আবদানপুর গ্রামের বাসিন্দা আবদুল আজিজ জানান, নাটোরের নলডাঙ্গা ও নওগাঁর আহসানগঞ্জে দুটি বড় হাট বসে। দুটি হাটে মালামাল নিয়ে যাতায়াতের জন্য আবদানপুর-চেউখালীই একমাত্র রাস্তা। এই সড়ক দিয়ে নলডাঙ্গা থানার সোনাপাতিল, ব্রহ্মপুর, চেউখালী, ইয়ারপুর, মাধনগর, আবদানপুরসহ প্রায় ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। এ ছাড়া বাগমারা ও আত্রাই উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষও এই সড়ক ব্যবহার করে।চেউখালী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবদুল জলিল বলেন, সড়কটি পাকা করার জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেও কোনো সুরাহা হয়নি। আবদানপুর গ্রামের লুৎফর রহমান বলেন, এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু এটি পাকা না করায় মানুষের দুর্ভোগের শেষ হয় না।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মনছুর রহমান বলেন, আবদানপুর-চেউখালী সড়কটি পাকা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রাথমিক তথ্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পর্যায়ক্রমে কাজ বাস্তবায়ন করা হবে। নাটোর সদর উপজেলার চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘মানুষের দুর্দশা লাঘবে চেউখালী-আবদানপুর সড়কটি শিগগির পাকা করা হবে।’