দুই কিলোমিটার রাস্তার অভাবে পর্যটকদের চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতালগুল বন ইতিমধ্যে পর্যটকদের কাছে প্রিয় হয়ে উঠেছে। ঈদুল আজহার ছুটিতে হাজারো পর্যটক প্রতিদিন এই জলা-বনে ভিড় করছেন। তবে সেখানে যাওয়ার রাস্তাটি পাকা না হওয়ায় পর্যটকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।সিলেট বিভাগীয় শহর থেকে রাতালগুল বনে যেতে হলে প্রথমে সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকায় যেতে হয়। সেখান থেকে মোটরঘাট বাজারে গিয়ে নৌকায় করে রাতালগুল যাওয়া যায়। তবে সাহেববাজার থেকে মোটরঘাট বাজার পর্যন্ত চার কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তা পাকা না হওয়ায় পর্যটকেরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, রাস্তার স্থানে স্থানে ছোট-বড় বহু গর্ত তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলে গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কাঁচা রাস্তাটি পানি-কাদায় একাকার হয়ে গেলে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন উদ্দিন, আহমদ আলীসহ তাঁদের ২৫ জন সহপাঠী গতকাল সকালে রাতালগুল বনে বেড়াতে এসেছেন। বন থেকে ফেরার পথে তাঁরা এবড়োখেবড়ো কাঁচা রাস্তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আহমদ আলী বলেন, ‘প্রথম আলোর মাধ্যমে রাতালগুল বনের অবস্থান ও পরিচিতি জেনেছি। বাড়ির পাশে এত সুন্দর একটি বন রয়েছে, সেটা কল্পনাও করতে পারিনি। বহু পর্যটক নতুনভাবে পরিচিত এই বনটি দেখতে ভিড় করছেন। কিন্তু একটি ভালো রাস্তার অভাবে সবাইকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ এলাকাবাসী জানান, রাতালগুল বনে যেতে কয়েকটি রাস্তা থাকলেও সাহেববাজার-মোটরঘাট রাস্তা দিয়ে অতি সহজে সেখানে যাওয়া যায়। রাতারগুল যাওয়া ছাড়াও সিলেট সদর উপজেলার এওলারটুক, চানপুর, পুয়াইনকাটা, মোটরঘাটবাজার এবং গোয়াইনঘাট উপজেলার চলিতাবাড়ি, বাইমারপার, আবাদিপাড়া, শিয়ালাহাওর, চদিবদি, চৌধুরীকান্দি, লক্ষ্মীহাওর, রাতালগুল, জলুরমুখসহ অন্তত ২০টি গ্রামের ৩০ হাজার মানুষ নিয়মিত এ রাস্তা দিয়ে চলাফেরা করে। বিভাগীয় শহর সিলেট যেতে ওই সব গ্রামের বাসিন্দাদের এটাই একমাত্র রাস্তা। এওলারটুক গ্রামের মুদি দোকানি ওয়াদুদ মিয়া জানান, রাতালগুল বন দেখতে অনেক মানুষ ভিড় করছে। কিন্তু রাস্তার দুরবস্থার জন্য এখানে একবার কেউ এলে পরেরবার আসার নাম নেবে না।সাহেববাজার-মোটরঘাট বাজার রাস্তার অটোরিকশাচালক গৌতম দে বলেন, ‘এই রাস্তায় প্রায়ই গাড়ির চাকা বিকলসহ সিপ্রং নষ্ট হয়ে যায়। শুধু পেটের দায়ে দুর্ঘটনার ঝুঁকি জেনেও ওই রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করি।’চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি আবদুর নূর বলেন, মোটরঘাট বাজার রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী প্রতিদিন চানপুর বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়ে যায়। তখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. একিম আলী বলেন, ‘আমরা গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা হলেও উপজেলা সদরের চেয়ে বিভাগীয় শহরে যোগাযোগ আরও সহজ। তবে দুই কিলোমিটার রাস্তার জন্য ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যেহেতু রাস্তাটি সিলেট সদর উপজেলায় পড়েছে, তাই গোয়াইনঘাটের বাসিন্দা হয়ে রাস্তা নির্মাণের দাবিও আমরা তুলতে পারছি না।’এ ব্যাপারে স্থানীয় খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে এখানকার মানুষের ভাগ্য দ্রুত বদলে যাবে। কারণ, পর্যটকেরা যত বেশি এখানে আসবেন, তত বেশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মাণের প্রয়োজনীয়তার কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছি।’