দুই কিলোমিটার রাস্তার জন্য ৩০ গ্রামের মানুষের ভোগান্তি
রাজশাহীর বাগমারা উপজেলার সঙ্গে নওগাঁর আত্রাই উপজেলার সংযোগ স্থাপনকারী মাধাইমুড়ি-আহসানগঞ্জ সড়কের দুই কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় লোকজনকে ১২ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। একই কারণে প্রায় ৩০টি গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।বাগমারার যোগীপাড়া ইউনিয়নের মাধাইমুড়ি-পারব্রজপুর-আত্রাই সড়কটি সংস্কার ও পাকা না হওয়ায় লোকজনকে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। বাগমারার মাধাইমুড়ি থেকে আত্রাই পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের দারিয়াগাতি পর্যন্ত রাস্তা পাকা করা হলেও মাঝখানের শুকচারা বিলের ওপর দিয়ে যাওয়া আত্রাই অংশের দুই কিলামিটার রাস্তা কাঁচা। আট বছর আগে সড়কটি নির্মাণ করার পর এটি আর পাকা বা সংস্কার করা হয়নি। এই দুই কিলোমিটার পাকা না হওয়ায় আশপাশের গ্রামের ১০ হাজার মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। সাইকেল, মোটরসাইকেল ছাড়া সাধারণত অন্য কোনো যানবাহন কাঁচা ওই দুই কিলোমিটারে চলাচল করে না। এ কারণে বাগমারা থেকে একতারিয়া ও বাড়ইপাড়া হয়ে আত্রাই যাতায়াত করতে অতিরিক্ত ১২ কিলোমিটার ঘুরতে হয়। এ ছাড়া বর্ষাকালে ওই অংশে নৌকা ছাড়া চলাচল করা যায় না।বাগমারার যোগীপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বাগমারা অংশের মাধাইমুড়ি পর্যন্ত রাস্তা পাকা হলেও আত্রাই অংশের ওই দুই কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বাগমারার যোগীপাড়া, কাতিলা, নখোপাড়া, ডোঘলপাড়া, মাধাইমুড়ি, বাজেকোলা, ভাগনদী, কোনাবাড়িয়া, তালঘরিয়া, বীরকুৎসা, শান্তিপুর, শ্রীপতিপাড়া, নাটোরের নলডাঙ্গা, মাধনগর, চেউখালীসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। পারব্রজপুর গ্রামের জাহেদুল ইসলাম, জহুরুল ইসলাম ও বেলাল হোসেন জানান, রাস্তার দুরবস্থার কারণে আত্রাই উপজেলা সদরে যাতায়াত করা যায় না। দারিয়াগাতি গ্রামের এমদাদুল, শাহাবুল ইসলাম জানান, মাত্র দুই কিলোমিটার পাকা রাস্তার অভাবে আত্রাইয়ের এই অংশ থেকে বাগমারা ও নাটোরের নলডাঙ্গা এলাকায় যাতায়াত করা যায় না। আহসানগঞ্জ ইউপির চেয়ারম্যান এস এম মুনজুরুল আলম বলেন, দারিয়াগাতি থেকে পারব্রজপুরের রাস্তাটি পাকা করার জন্য চেষ্টা অব্যাহত আছে।আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান বলেন, দুই কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় মাধাইমুড়ি-আহসানগঞ্জ সড়কটি কোনো কাজে আসছে না। সড়কটিতে দুটি সেতুসহ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।