দুই কিলোমিটার সড়ক সংস্কার না করায় দুর্ভোগ

নেই পিচ। সড়কের দুই পাশে কাদাপানি। খানাখন্দ আর গর্তে ভরা। গর্ত ভরাট করতে যেনতেনভাবে ফেলা হয়েছে ইট। ফরিদপুরের নগরকান্দা বাজার থেকে চাঁদহাট পর্যন্ত সড়কটির দুই কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পৌরসভা ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সড়কটির দৈর্ঘ্য ১১ কিলোমিটার। নগরকান্দা বাজার থেকে পৌরসভার শেষ অংশ ঈশ্বর্দী পর্যন্ত দুই কিলোমিটার অংশের মালিক নগরকান্দা পৌরসভা। একই সড়কের ঈশ্বর্দী থেকে চাঁদহাট পর্যন্ত নয় কিলোমিটার অংশের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি)। পৌরসভার দুই কিলোমিটার অংশের অবস্থা বেহাল।
সরেজমিনে গতকাল দেখা যায়, সড়কে কোনো পিচঢালাই নেই। জায়গায় জায়গায় গর্ত। গর্তে পানি জমেছে। গর্ত ভরাট করতে ইট ফেলা হয়েছে। সেই ইটও সরে গেছে। সড়কের দুই পাশে কাদাপানি। হেঁটে যাওয়ারও উপায় নেই।
নগরকান্দা কলেজ, সাবেক সাংসদ আবুল হোসেন মিয়ার বাসার সামনের এলাকাসহ ঈশ্বর্দী এলাকার বিভিন্ন জায়গার অবস্থা বেশি খারাপ। ঈশ্বর্দীর বাসিন্দা খালিদ মাহমুদ বলেন, গত সোমবার সকালে তাঁদের এলাকায় একটি ট্রাক কাদাপানিতে দেবে যায়। ২৮ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
এলাকাবাসী বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় দেড় বছর ধরে সড়কটির এ অংশ অকেজো হয়ে পড়ে। ছয় মাস আগে এলজিইডি সড়কটির মধ্যে নয় কিলোমিটার অংশ সংস্কার করে। কিন্তু পৌরসভার আওতাধীন দুই কিলোমিটার অংশ সংস্কার না হওয়ায় তাঁরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন।
ওই সড়কে চলাচলকারী পথচারী জহির হোসেন বলেন, চাঁদহাট থেকে ঈশ্বর্দী পর্যন্ত অংশটি ভালো। কিন্তু ঈশ্বর্দী থেকে নগরকান্দা পৌরসভা পর্যন্ত সড়কে চলাচল করার কোনো উপায় নেই। এমনকি হেঁটেও সড়কের আসা-যাওয়া করা দুষ্কর।
নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দিন মিয়া গতকাল বিকেলে প্রথমআলোকে বলেন, এক ঠিকাদারকে তিনি দুই মাস আগে টেন্ডার করে সড়কের ওই অংশ কাজ শুরু করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু তিনি কোনো কাজ করেননি। নতুন অর্থবছর মাত্র শুরু হয়েছে। তিনি আবার কাজ শুরু করার উদ্যোগ নেবেন। আপাতত চলাচল ঠিক রাখার জন্য চার হাজার ইট দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সড়কের ভাঙা অংশে ইট ফেলা হচ্ছে।