বরিশাল নগরের রূপাতলী থেকে আমতলী মোড় ও ঝালকাঠি-বরিশাল সড়কের চক্ষু হাসপাতাল থেকে রূপাতলী পর্যন্ত সড়ক দুটির প্রায় দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল। সড়ক দুটিতে চলতে গিয়ে প্রতিদিন নাকাল হতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের। সকাল-বিকেল যানজট লেগে থাকে। তিন মিনিটের পথ পার হতে কখনো কখনো আধা ঘণ্টা লেগে যায়।
আবার সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়ক দুটিতে পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন বরিশাল নগর ও বিভাগের পাঁচ জেলার লাখো যাত্রী। পাশাপাশি বেহাল এই সড়কে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কয়েক দিনের টানা বর্ষণে এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

নগরের গুরুত্বপূর্ণ বেশ কটি স্থাপনায় যাওয়া-আসার জন্য এই সড়ক ব্যবহার করা হয়। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও রূপাতলী বাসস্ট্যান্ড অন্যতম। এ ছাড়া দক্ষিণের পাঁচ জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি থেকে বিভাগীয় শহরে, ঢাকাসহ অন্যান্য স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। সড়কের এ অংশ বরিশাল সিটি করপোরেশনের আওতায় থাকলেও এটি ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আওতায় হওয়ায় এর দেখভাল করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মেজবাহ উদ্দীন বলেন, সামান্য বৃষ্টি হলেই রূপাতলী বাসস্ট্যান্ডের মধ্যে হাঁটুপানি জমে যায়। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে। নগরের ব্যস্ততম এ সড়কে দিন-রাত হাজারো যানবাহন চলাচল করে। বেহাল দশার কারণে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়কটিতে তীব্র যানজট থাকে।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ঝালকাঠি থেকে বরিশাল আসতে চক্ষু হাসপাতাল থেকে রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভেঙেচুরে গেছে। অন্তত তিনটি স্থানে বড় খাদের সৃষ্টি হওয়ায় তাতে পানি জমে আছে। একইভাবে রূপাতলী থেকে আমতলা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ওপরে পিচ উঠে গেছে। সংস্কারের জন্য মাস দুয়েক ওপরে সুরকি ফেলে রাখায় বৃষ্টিতে তা ধুয়ে কাদাজলে একাকার হয়ে গেছে। অনেক স্থানে খানাখন্দ হয়ে গেছে। বৃহস্পতিবার সড়ক ও সেতুমন্ত্রী বরিশাল আসা উপলক্ষে এসব খানাখন্দে সুরকি ও বালু ফেলে জরুরি ভিত্তিতে কিছু সংস্কার করা হয়। তাতে সাময়িক কিছু ভোগান্তি লাঘব হলেও বৃষ্টির কারণে দুই-চার দিনের মধ্যে আগের অবস্থায় ফিরে যাবে।
বাসচালক সুমন মিয়া বলেন, ‘ভাঙাচোরা সড়কে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পথচারীদের দুর্ভোগের পাশাপাশি আমাদের ভোগান্তি হচ্ছে ব্যবসা-বাণিজ্যে।’ ব্যবসায়ী শাহ আলম বলেন, এই সড়কটি যতই সংস্কার করা হোক, কাজের কাজ কিছুই হবে না। কারণ, সড়কের পাশে পানিনিষ্কাশনের কোনো নালা নেই।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দুলশাদ বীথি বলেন, ‘প্রতিদিন আমাদের এই সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হয়। আসা-যাওয়ার সময় যখনই এই পথটুকুর কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়। বিরক্তি আর তিক্ত অভিজ্ঞতা এখানে আমাদের। মন্ত্রীর আগমন উপলক্ষে সাময়িক ইটের খোয়া-বালু ফেলে সংস্কার করায় আপাতত কিছুটা ভোগান্তি কমলেও তা সাময়িক।’
বেহাল এই সড়কে সবচেয়ে বেশি ভোগান্তি হয় রোগীদের। বিশেষ করে অ্যাম্বুলেন্সে যেসব রোগী আসেন তাঁদের যন্ত্রণা অনেকাংশে বাড়িয়ে তোলে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী পরিচালক চিকিৎসক ইউনূস আলী বলেন, বেহাল সড়কে সবচেয়ে বেশি কষ্ট হয় অন্তঃসত্ত্বা নারীদের। কারণ, জরুরি মুহূর্তে অথবা গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে আনতে হয়। অন্য রোগীদেরও দুর্ভোগ পোহাতে হয়।
জানতে চাইলে সওজ বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে এইচ গোলাম মোস্তফা গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সড়কের ওই অংশে কিছু সংস্কার করেছি। ব্যস্ত হওয়ায় দিনে কাজ করানো যায় না। একটানা ১৫ দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সংস্কারকাজে হাত দেওয়া যাচ্ছে না। আগামী ছয় মাসের মধ্যে বরিশালের সবগুলো বেহাল সড়ক আমরা ঠিক করে ফেলব।’