দুই কিলোমিটারে খানাখন্দ চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরের সঙ্গে বড়াইল এবং আলমপুর ইউনিয়নের সরাসরি সংযোগ রক্ষাকারী শহীদ মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়কের দুই কিলোমিটার খানাখন্দে ভরা। ফলে দুটি ইউনিয়নের লোকজন উপজেলা ও জেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রিকশাভ্যানচালক মোশাররফ হোসেন জানান, কাদা ও খানাখন্দের জন্য পুরো বর্ষায় এ রাস্তা দিয়ে ভ্যান বা রিকশা নিয়ে চলাচল করা যায় না। আবার শুষ্ক মৌসুমে ধুলার জন্যও একই অবস্থা হয়।

সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশেই অবস্থিত শৈল্পিক সৌন্দর্যমণ্ডিত হিন্দা শাহী মসজিদ, হিন্দা উচ্চবিদ্যালয়, হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিন্দা কেজি স্কুল, কাপাসঠিকরী দাখিল মাদ্রাসা ও ভাসিলা কেজি স্কুল। এ সড়কের হিন্দা ও কানাইপুকুর গ্রামের কাছে আধা কিলোমিটার রাস্তায় হাঁটু পরিমাণ কাদা। কেউ কেউ এ কাদা দিয়ে রিকশাভ্যান ও বাইসাইকেল টেনে নিচ্ছেন। ফুলদীঘি কালভার্টের পাশে মাটি ধসে রাস্তায় পানি জমে আছে। পথচারীরা কষ্ট করেই হেঁটে যাচ্ছেন।

 এলাকাবাসী সূত্র জানায়, ক্ষেতলাল উপজেলা সদর থেকে আলমপুর ইউনিয়ন সদর অর্থাৎ ফুলদীঘি বাজারের দূরত্ব ১০ কিলোমিটার। আগে এ ইউনিয়নের মানুষ পাশের কালাই উপজেলার মোলামগাড়ী হাট হয়ে ২০ কিলোমিটার পথ ঘুরে উপজেলা ও জেলা সদরে চলাচল করত। ১৯৮২ সালে আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তালুকদার ফুলদীঘি বাজার থেকে দেউলিয়া মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করার পর এ সড়কটির নাম করা হয় ভাসিলা-ফুলদীঘি সড়ক। আর ওই সময় থেকে আলমপুর ইউনিয়নবাসীর উপজেলা সদরে চলাচলে ১০ কিলোমটার পথ কমে যায়। পরে ২০০৯ সালে সরকারি নির্দেশনা অনুযায়ী এ সড়কের নামকরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধা নুুরুজ্জামান তালুকদার সড়ক।

শহীদ নুরুজ্জামান তালুকদারের ছেলে আনোয়ারুজ্জামান তালুকদার অভিযোগ করেন, তাঁর বাবা চেয়ারম্যান থাকা অবস্থায় রাস্তাটি পাকা করার জন্য বিভিন্ন স্থানে ধরনা দিয়ে দুই দফায় ৩৫ লাখ ও ১৫ লাখ টাকা বরাদ্দ আনেন। কিন্তু বিগত বিএনপি সরকারের সময় তৎকালীন স্থানীয় সাংসদ রাজনৈতিক বিরোধিতার কারণে কাজ না করেই ওই ৫০ লাখ টাকা ফেরত দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী হূদয় চন্দ্র দাস বলেন, ‘ইউনিয়নের সড়কগুলোর মধ্যে ওই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি অনেক আগেই পাকা করা উচিত ছিল। আমরা ২ দশমিক ৩০ কিলোমিটার সড়ক পাকা করার জন্য স্থানীয় সাংসদকে বরাদ্দ দেওয়ার অনুরোধ করেছি।’

এ বিষয়ে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ গোলাম মোস্তফার সঙ্গে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।