দুই কিলোমিটারে ১৫টি বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সদর থেকে দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া হাট সড়কের দুই কিলোমিটার অংশে ১৫টি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।সরেজমিনে দেখা গেছে, চর দৌলতদিয়ার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র এ সড়কের ওমেদ আলী সরদার পাড়া, হুকুম মাতুব্বর পাড়া, আয়নাল মাতুব্বর পাড়া ও হানিফ মোল্যার পাড়ায় ১৫টি বাঁক রয়েছে। এমন কিছু বাঁক রয়েছে, যেগুলোর উল্টো দিকে গাছপালা ও বাড়িঘর থাকায় সামান্য কয়েক গজ দূর থেকেও বোঝা যায় না। ফলে দুর্ঘটনা এড়াতে এ সড়কে সাবধানে গাড়ি চালাতে গিয়ে অতিরিক্ত সময় লাগে। অন্যথায় দ্রুত বাঁক ঘুরতে গেলেই যানবাহনগুলোকে দুর্ঘটনার শিকার হতে হয়। মাঝেমধ্যেই সন্ধ্যার পর বাঁকের বিপরীতে গাছপালা ও ঝোপঝাড়ের আড়ালে আত্মগোপন করে থাকা ছিনতাইকারীদের কবলে পড়তে হয় সড়ক দিয়ে চলাচলকারীদের।ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক স্থানীয় ওমেদ আলী ও সরদার পাড়ার হাকিম প্রামাণিক বলেন, এমন কোনো সপ্তাহ নেই যে দুর্ঘটনা ঘটে না। এই সড়কের কাজ চলার সময় এলাকাবাসী সোজা করে করার আবেদন করেছিল। কিন্তু তখন কেউ কথা শোনেনি।চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে গোয়ালন্দ বাজারসহ বিভিন্ন অফিস-আদালতের অন্তত আট থেকে ১০ হাজার মানুষ আসা-যাওয়া করে। আর দুর্গম অঞ্চল বলে ছোট ছোট ইঞ্জিনচালিত যানবাহনই চলাচলের মূল মাধ্যম। এসব যান বাঁকগুলোতে মোড় নিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ইউপির সদস্য আক্তার হোসেন মৃধা বলেন, সরকারি কোনো হালট বা জমি না থাকায় রাস্তা তৈরির সময় যে যেভাবে জমি দিয়েছেন, সেভাবেই রাস্তা করায় এত বাঁকের সৃষ্টি হয়েছে। ঘন ঘন বাঁক এবং এগুলোর বিপরীত দিকে বাড়িঘর ও গাছপালা থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে। এ ছাড়া রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা থাকায় অনেক বাঁকই চোখে পড়ে না।দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল বলেন, মূলত কয়েকটি বাড়ি রক্ষা করতে গিয়ে রাস্তাটির এ দশা হয়েছে। তিনি নিজেই কয়েকবার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এ বাঁকগুলোতে দুর্ঘটনার শিকার হয়েছেন। উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলাপ করে বিষয়টি যত শিগগিরই সম্ভব সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।