দুই কিলোমিটারেই যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গর্তে জমা বৃষ্টির পানির মধ্য দিয়ে চলছে একটি সিএনজিচালিত অটোরিকশা। সড়কের দুল্যাবাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
গর্তে জমা বৃষ্টির পানির মধ্য দিয়ে চলছে একটি সিএনজিচালিত অটোরিকশা। সড়কের দুল্যাবাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

অতিরিক্ত ওজনের মালামাল নিয়ে ট্রাক চলাচল করায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর-কেদারপুর-নাগরপুর সড়কের দুই কিলোমিটারে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটি স্থান দেবে গেছে। এসব কারণে এই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রীরা দুর্ভোগ পোহায়। কেউ কেউ অসুস্থও হয়ে পড়ে।

এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা প্রকৌশলী আরিফুর রহমানের মুঠোফোনে কল করলেও তিনি তা ধরেননি। তবে একই কার্যালয়ের সদ্য বিদায়ী উপসহকারী প্রকৌশলী ফিরোজ রেজা জানান, ‘সড়কটির মির্জাপুর অংশের ১৬ কিলোমিটারের মধ্যে ভেঙে যাওয়া অংশ মেরামত করতে তিন কোটি টাকার দরপত্রপ্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।’

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে সড়কটির মির্জাপুরের কুতুববাজার থেকে দুল্যাবেগম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশ পাকা করা হয়। প্রায় পাঁচ বছর আগে এই অংশ সংস্কার করা হয়। কিন্তু ভারী যানবাহন চলার কারণে বছর না ঘুরতেই বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এ সড়ক দিয়ে ১০ টন ওজনের মালামাল নিয়ে যানবাহন চলার কথা। কিন্তু ওই অংশ দিয়ে লৌহজং নদীর মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রি করেন ব্যবসায়ীরা। ওই সব ট্রাকে ৩০-৩৫ টন মাটি বহন করা হচ্ছে। এ ছাড়া ব্যবসায়ীরা উপজেলার ভাতগ্রাম, দুল্যাবেগম, মৈশামূড়াসহ আশপাশের বাজারে ট্রাকযোগে রড ও সিমেন্ট পরিবহন করেন। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সড়কে ভারী যানবাহন না চালানোর জন্য সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না।

মির্জাপুরের দুল্যাবেগম পূর্বপাড়া ভেন্ডার বাড়ি এলাকায় খাদ থেকে রিকশা তুলছেন এক চালক l ছবি: প্রথম আলো
মির্জাপুরের দুল্যাবেগম পূর্বপাড়া ভেন্ডার বাড়ি এলাকায় খাদ থেকে রিকশা তুলছেন এক চালক l ছবি: প্রথম আলো

এলাকাবাসী জানান, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম, আনাইতারা, বানাইল, উয়ার্শী ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী নাগরপুর, দেলদুয়ার, ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার লোকজন সহজেই মির্জাপুর আসতে কিংবা মির্জাপুর হয়ে অন্যত্র যেতে এই সড়কটি ব্যবহার করে। কিন্তু সড়কটি ভাঙা থাকায় তাদের ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। মির্জাপুর কলেজ, কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ শফি উদ্দিন মিয়া অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন, দুল্যাবেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। এক সপ্তাহ আগে দুল্যাবেগম পূর্বপাড়া ভেন্ডার বাড়ি এলাকায় রাস্তার কিছু অংশ দেবে যায়। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে চলাচলের উপযোগী করে তোলেন।

গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, দেবে যাওয়া ওই অংশে দুর্ঘটনা এড়াতে সিএনজিচালিত অটোরিকশাচালক আলামিন মিয়া যাত্রীদের নামিয়ে দেন। তিনি বলেন, রাস্তাটির দুই কিলোমিটার অংশ পাড়ি দিতে গিয়ে ভালো মানুষ অসুস্থ হয়ে পড়ে। অটোরিকশার যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। জ্বালানি খরচ বেশি লাগে। ওই এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাইকেল ও রিকশাচালকদের নেমে ধাক্কা দিয়ে যান পার করতে দেখা গেছে। কুতুববাজার, কাণ্ঠালিয়া মন্দির, কাণ্ঠালিয়া প্রাথমিক বিদ্যালয়, দুল্যাবেগম প্রাথমিক বিদ্যালয়, বাজার এলাকাসহ কমপক্ষে ১৫টি স্থানে বড় বড় গর্ত রয়েছে।

সরেজমিনে আরও দেখা গেছে, দুল্যাবেগম বাজারে ভাঙনের কারণে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমায় যানবাহন চলতে পারছে না। বাজারের ব্যবসায়ী শামসুল আলম জানান, গত বৃহস্পতিবার একটি সিএনজিচালিত অটোরিকশা এখানে নষ্ট হয়ে যাওয়ায় মাত্র ২০-২৫ মিনিটে ৩৭টি সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়ে। পরে অনেক কষ্টে নষ্ট অটোরিকশা সরিয়ে রাস্তায় যান চলাচল আবার শুরু হয়।

ভাতগ্রামের বাসিন্দা গায়ক নন্দ দুলাল গোস্বামী বলেন, সড়কটি দিয়ে কমপক্ষে ৫০০ সিএনজিচালিত অটোরিকশা, তিন শতাধিক মোটরসাইকেল, প্রাইভেট কার, পিকআপসহ বিভিন্ন যানবাহন গড়ে দুই থেকে তিনবার আসা যাওয়া করে। ভাঙা রাস্তার কারণে তাঁরা দুর্ভোগ পোহান। সেদিকে কারও খেয়াল নেই।