দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত রোববার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ওই কিশোরী তৈরি পোশাক কারখানায় কাজ করে। অন্যদিকে জেলার আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পোশাকশ্রমিক কিশোরী গতকাল সোমবার সকালে দুজনের নাম উল্লেখ করে তিন যুবকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে। পুলিশ ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। কিশোরীর বড় ভাই সাংবাদিকদের জানান, রোববার রাতে তাঁর বোন ফতুল্লার একটি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিল। হঠাৎ ওই এলাকার আবির ও তাঁর সহযোগী সুমনসহ তিন যুবক তাঁর বোনকে অপহরণ করে পাশের নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত যুবকদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) খালেদ হাসান বলেন, উপজেলার কল্যান্দী গ্রামের কামাল (৩০) ১৭ বছর বয়সী ওই কিশোরীকে প্রাইভেট পড়াতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। কিশোরীটি বিয়ের জন্য চাপ দিলে কামাল তা অস্বীকার করেন। এ ঘটনায় রোববার ওই কিশোরী বাদী হয়ে মামলা করলে কামালকে গ্রেপ্তার করা হয়।