দুই কিশোরীর ভাসমান লাশ
ঢাকার আশুলিয়ায় দুই কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মরাগাঙ নদী থেকে লাশ দুটি উদ্ধার হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ প্রথম আলোকে বলেন, বিকেলের দিকে আশুলিয়া বাজারের কাছে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া সেতুর পাশে দাঁড়িয়ে দুই কিশোরীকে মুঠোফোনে কথা বলতে দেখেন স্থানীয়রা। কথা বলার একপর্যায়ে তাদের কাঁদতেও দেখা যায়। এর কিছু সময় পড়ে তাদের নদীতে নেমে সাঁতার কাটতে দেখা যায়। কিন্তু ব্যস্ততার কারণে স্থানীয়রা এর চেয়ে বেশি কিছু লক্ষ্য করেনি।
জাবেদ মাসুদ বলেন, সাঁতার কাটার ঘণ্টাখানেক পরে সন্ধ্যা ছয়টার দিকে জেলেরা ওই দুই কিশোরীর লাশ নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
জাবেদ মাসুদ আরও বলেন, সম্ভবত তারা রাজধানীর কোনো এলাকার বাসিন্দা এবং স্কুলছাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো কারণে তারা আত্মহত্যা করেছেন।