দুই কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শম্পা বেগম (১৫) ও সানজিদা আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে তাঁদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।

ঢাকা নৌবন্দরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, রাত দশটার দিকে মাঝনদী থেকে ওই দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

কিশোরী শম্পার মা শাহিনুর বেগম বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরঘাটের লালকুঠি খেয়াঘাট থেকে নৌকাযোগে কেরানীগঞ্জের তেলঘাটে যাওয়ার সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী জাহাজ এম ভি বাঙালির প্রচণ্ড ঢেউয়ের কারণে আমাদের নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় আমরা ছয়জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শম্পা ও অপরযাত্রী ডুবে যায়।

একই কথা বললেন নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া অপরযাত্রী জিয়াউল ইসলাম। তিনি বলেন, বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজের প্রচণ্ড ঢেউয়ে আমাদের নৌকাটি ডুবে যায়। তিনি আরও জানান, সন্ধ্যার পর নদীতে বাতির ব্যবস্থা না থাকায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

শম্পা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ধলেশ্বরী গ্রামের আবদুর রহমানের ও সানজিদা দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকার শাহিন মিয়ার মেয়ে।