দুই কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর গ্রামে একটি হাওর থেকে গতকাল সোমবার শাহজাহান মিয়া (১৩) নামে এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত রোববার রাতে একই উপজেলার হলিমপুর গ্রামের একটি টয়লেট থেকে অনুপ দাশ (১৪) নামে অপর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শাহজাহান বোয়ালজুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে এবং রশিদিয়া পাবলিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর অনুপ দাশ হলিমপুর গ্রামের অন্তু দাশের ছেলে। ঘটনার চার দিন আগে গত বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহজাহান রোববার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ওই দিন রাতেই নবীগঞ্জ থানায় জিডি করেন তার মা ময়না বিবি। গতকাল সকালে জোয়ালভাঙ্গা হাওরে শাহজাহানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান বলেন, বোয়ালজুর গ্রামে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরেই শাহজাহানকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনুপ দাশের লাশ উদ্ধারের ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাতে নিখোঁজ হওয়ার পর এলাকার একটি খালে অনুপের চাদর ও জুতা পাওয়া যায়। এ ঘটনায় তার মা উষা রানী দাশ বৃহস্পতিবার নবীগঞ্জ থানায় জিডি করেন। শনিবার হলিমপুর গ্রামের গোপাল দাশ, অধীর দাশ, পিন্টু দাশ, প্রান্ত দাশ, মাদাই দাশ ও দীপংকর দাশ নামে ছয় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। দীপংকরের স্বীকারোক্তি অনুযায়ী গ্রামের একটি টয়লেট থেকে রোববার অনুপের লাশ উদ্ধার করা হয়।
ওসি আবদুল বাতেন খান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।