দুই কুমিরের ৯১ ডিমে একটিও বাচ্চা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে লোনা পানির কুমির জুলিয়েট ও পিলপিলের ৯১টি ডিম থেকে একটি বাচ্চাও হয়নি। ধারণা করা হচ্ছে, সব কটি ডিম নষ্ট হয়ে গেছে। দুই বছর ধরে কেন্দ্রটিতে কুমির বিশেষজ্ঞ না থাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিমত প্রাণী বিশেষজ্ঞদের।

সুন্দরবন পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, বিলুপ্তপ্রায় লোনা পানির প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের উদ্দেশ্যে ২০০২ সালে করমজল পর্যটনকেন্দ্রে ৩২ লাখ টাকা ব্যয়ে আট একর জায়গায় বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় দেশের একমাত্র সরকারি কুমির প্রজননকেন্দ্র। এরপর কুমির লালন-পালন ও বন্য প্রাণীর ওপর বিশেষ প্রশিক্ষণের জন্য বন বিভাগ তাদের দুজন কর্মকর্তা নির্মল কুমার হাওলাদার ও আ. রবকে এক বছরের জন্য অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠায়। এরপর থেকে আ. রব এই কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি জেলেদের জালে আটক ছোট-বড় পাঁচটি কুমির দিয়ে কেন্দ্রের প্রজনন কার্যক্রম শুরু করেন। ২০১৫ সালে তিনি অবসরে যান। এরপর থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে কোনো কুমির অথবা প্রাণী বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়নি। 

বর্তমানে কেন্দ্রটিতে লোনা পানির দুটি স্ত্রী কুমির জুলিয়েট ও পিলপিল এবং রোমিও নামের একটি পুরুষ কুমির রয়েছে। ২০০৫ সাল থেকে গত বছর পর্যন্ত এই কেন্দ্র জুলিয়েট ও পিলপিলের মোট ৭২৩টি ডিম থেকে ৪৬৫টি বাচ্চা পেয়েছে। গত বছর জুলিয়েট ও পিলপিলের ৯৮টি ডিম থেকে ৪৭টি বাচ্চা হয়। ৫১টি ডিম নষ্ট হয়ে যায়। চলতি বছরের ৯ মে জুলিয়েট ৪৩টি ও ২০ মে পিলপিল ৪৮টি ডিম দেয়। ৯০ দিনের মধ্যে ডিম ফেটে বাচ্চা বেরোনোর কথা। কিন্তু ১০০ দিন অতিবাহিত হলেও কোনো বাচ্চা বের হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, কুমিরের ডিম ইনকিউবেটরে দেওয়ার পর থেকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয়। কোনো ফাইনাল ইনফেকশন বা অন্য কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। সেটি করা হয়নি বলেই কেন্দ্রের সব ডিম নষ্ট হয়ে গেছে।

জানতে চাইলে প্রজননকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে আমরা কোনো বাচ্চা পাইনি। আমরা ধারণা করছি, ডিম নিষিক্ত না হওয়াই এর প্রধান কারণ।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন্দ্রের কুমির দেখভালে আমরা যাঁরা কাজ করছি, সত্যিকার অর্থে কুমির বিষয়ে আমাদের কোনো প্রশিক্ষণ নেই। আমরা ধারণার ওপর ভরসা করে কাজ করি।’

প্রজননকেন্দ্রটির কর্মচারী জাকির হোসেন বলেন, ‘আমি ২০০২ সাল থেকে রব স্যারের সহকারী হিসেবে কাজ করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত দুই বছর ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করেছি। গত বছর অনেক ডিম নষ্ট হয়ে গিয়েছিল। এবার একটি ডিম থেকেও বাচ্চা হয়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে নজর না দিলে ভবিষ্যতে এই প্রজননকেন্দ্র হুমকির মুখে পড়বে।’

বেসরকারি গবেষণা সংস্থা ক্যারিনামের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দক্ষিণ এশিয়া ও ইরান অঞ্চলের কুমির বিশেষজ্ঞ দলের সহসভাপতি শেখ মোহাম্মদ আবদুর রশীদ বলেন, ‘কুমিরের মতো স্পর্শকাতর প্রাণীর রক্ষণাবেক্ষণ ও বংশবিস্তারের জন্য অবশ্যই বিশেষজ্ঞ প্রয়োজন। সাধারণ বনপ্রহরী বা কর্মকর্তা দিয়ে এই কাজ সুচারুভাবে করা সম্ভব নয়। আমরা চার বছর আগে বন বিভাগকে প্রস্তাব দিয়েছিলাম কুমিরের বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল তৈরির জন্য। কিন্তু বন বিভাগ এ বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। বাংলাদেশে মিঠা পানির কুমির ও ঘড়িয়াল বিলুপ্ত হয়ে গেছে। এখন শুধু লোনা পানির কুমিরের অস্তিত্বই আছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও বংশবৃদ্ধি ঘটাতে না পারলে এই প্রজাতিরও বিলুপ্তি ঘটবে।’

করমজল প্রজননকেন্দ্রটিতে কুমির বিশেষজ্ঞ না থাকার বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি ‘কুমির দেখভালে বিশেষজ্ঞ এমনকি নেই দক্ষ কর্মচারী’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।