দুই কৃতী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র মিনহাজুল ইসলাম ও শাহরিয়ার হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালের ৫ জানুয়ারি দেশব্যাপী বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় কোচিং থেকে বাসায় ফেরার পথে বোমা হামলার মধ্যে পড়ে আহত হয়েছিল তারা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, অভিনন্দন বার্তা পেয়ে দুই শিক্ষার্থী ও তাদের পরিবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বোমা হামলায় মিনহাজুল ও শাহরিয়ার চোখে ও মাথায় মারাত্মক আঘাত পায়। দুটি পরিবারই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ সময় তাদের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদের চিকিৎসার বিষয়টি তদারক করার দায়িত্ব দেন তাঁর কার্যালয়ের পরিচালক জুলফিকার লেনিনের ওপর।
জুলফিকার লেনিন বলেন, আহত হওয়ার কারণে মিনহাজুল ও শাহরিয়ার ২০১৫ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেনি। এবার তারা দুজনই এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।