দুই কৃষক খুন, অজ্ঞাত লাশ উদ্ধার
ফরিদপুরের সালথা ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুই কৃষক খুন হয়েছেন৷ গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেললাইনের পাশে থেকে অজ্ঞাতনামা (৪৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷
নিহত ব্যক্তিরা হলেন সালথার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদি গ্রামের মৃত আবদুর রশিদ শেখের ছেলে আক্কাছ শেখ (৩২) এবং বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামের আবদুল হামিদ খানের ছেলে সালাউদ্দিন খান ওরফে সালে (৪৮)৷
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: সালথা থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে আক্কাসের বাড়ি থেকে ৪৫০ ফুট দূরে বিষ্ণুদি-কাগদী কাঁচা রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷
নিহতের চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মেজবাহউদ্দিন অভিযোগ করেন, পাঁচ বছর আগে এলাকার লিটন মোল্লা টাকাপয়সা পাওনা নিয়ে আক্কাসকে পিটিয়ে আহত করেন৷ ওই ঘটনায় আক্কাস লিটনসহ কয়েকজনকে আসািম করে মামলা করেন৷ লিটন ওই মামলা তুলতে বললেও আক্কাসকে তা শোনেননি৷ এ ক্ষোভ থেকেই লিটন মোল্লা তাঁর সহযোগীদের নিয়ে রোববার রাতে আক্কাসকে কুপিয়ে হত্যা করেছেন৷
হত্যাকাণ্ডের পর থেকে লিটন মোল্লা পলাতক৷ তাঁর মুঠোফোনও বন্ধ৷
কুষ্টিয়া: মিরপুর উপজেলার পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে জানান, পোড়াদহ এলাকায় রেললাইনের পাশে উদ্ধার হওয়া লাশের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে৷ নিহতের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট৷ ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হত্যার পর লাশ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে৷
রাজবাড়ী: নিহত সালাউদ্দিনের স্ত্রী জাহেদা বেগম জানান, শ্বশুর তাঁর স্বামীকে কিছু জমি দেন৷ ওই জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ ছিল৷ গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর স্বামী ওই বিরোধপূর্ণ জমির আমগাছ থেকে আম পাড়তে যান৷ এ সময় তাঁর দেবর জিলাল খান বাধা দেন৷ একপর্যায়ে জিলাল তাঁর স্বামীর ঘাড়ে দা দিয়ে কোপ দেন৷ এতে তিনি গুরুতর আহত হন৷ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷