দুই কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ
রংপুরের বদরগঞ্জ উপজেলার দুই কৃষি কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে আমন খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল রোববার ওই নির্দেশ দেওয়া হয়।
৫ নভেম্বর প্রথম আলোতে ‘আমন খেতে পোকা, উদ্বিগ্ন কৃষক’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জুলফিকার হায়দার, অতিরিক্ত উপপরিচালক (পিপি) আফতাব উদ্দিন ওই দিনই উপজেলার বিভিন্ন আমন খেত ঘুরে দেখেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, আমন খেত পরিদর্শন করে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই কর্মকর্তারা প্রকাশিত খবরের সত্যতা পান। এরপর কৃষকদের যথাসময়ে পরামর্শ প্রদানে ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন। তাঁদের তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জুলফিকার হায়দার বলেন, কয়েকজন কৃষকের আমন খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তা কোনো পোকার আক্রমণে নয়। তিনি দাবি করেন, বিএলবি (পাতা ঝলসানো) নামক রোগে আক্রান্ত হয়ে স্বর্ণা জাতের আমন খেতের ক্ষতি হয়েছে। বিএলবি রোগের কোনো প্রতিষেধক নেই। খাদ্যঘাটতির কারণে খেতে ওই সমস্যা দেখা দিয়েছে। আক্রান্তের পরই জমিতে পটাশ, থিয়োভিট, জিংক সালফেট স্প্রে করলে সমস্যা অনেকটা কমে যেত। কৃষি বিভাগের লোকজন এ বিষয়ে কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দিতে পারেননি। এ ক্ষেত্রে তাঁদের গাফিলতি ছিল। এ কারণে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।