দুই কেজি হেরোইন উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল সোমবার একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাসচালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্ষ্যং এলাকায় বিজিবির একটি তল্লাশিচৌকি রয়েছে। গতকাল সকালে ঢাকা থেকে টেকনাফগামী একটি বাস সেখানে পৌঁছালে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে এক কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাসচালকের সহকারী জহির হোসেনকে (২৪) আটক করা হয়। জহিরের বাড়ি মাগুরার সর্দারপাড়া এলাকায়।বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ওই হেরোইন মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কুমিল্লা থেকে আনা হয়। এর মূল্য আনুমানিক ৩৭ লাখ টাকা। জহিরকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।বিজিবির হেফাজতে জহির হোসেন বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। বাসের যাত্রীদের ব্যাগ-লাগেজ তল্লাশি করার কোনো ক্ষমতা আমাদের নেই। কাজেই গাড়িতে কেউ নিষিদ্ধ পণ্য পরিবহন করলে তার দায়ভার আমাদের ওপর কেন?’ টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে।