দুই কেন্দ্রসিচবের টানাটানিতে ২৬ পরীক্ষার্থী অকৃতকার্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কেন্দ্রসচিবের মধ্যে টানাপোড়েনের জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি কারিগরি উচ্চবিদ্যালয়ের ২৬ জন পরীক্ষার্থীর সবাই এবারের এসএসসির সমমানের কারিগরি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে|
শিক্ষার্থী সূত্র জানায়, এ বছর উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবজ্ঞগাঁতী এস কে মডেল কারিগরি স্কুল ও বিএম কলেজ থেকে ২৬ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে৷ বিদ্যালয়টি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র পড়ে ওই ২৬ পরীক্ষার্থীর৷ স্থানীয় সাংসদ ইসহাক হোসেন তালুকদার পরীক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে জেলা প্রশাসকের মাধ্যমে রায়গঞ্জ বিএম ও টেকনিক্যাল কলেজে ওই পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন৷ তাত্ত্বিক পরীক্ষা ঠিকমতো দিতে পারলেও সমস্যা দেখা দেয় তাদের ব্যবহারিক পরীক্ষা নিয়ে। সলঙ্গা ও রায়গঞ্জ—এই দুই কেন্দ্রের সচিবের মধ্যে পরীক্ষার্থীদের নিয়ে টানাহেঁচড়া শুরু হয়৷ শেষ পর্যন্ত রায়গঞ্জ কেন্দ্রেই ব্যবহারিক পরীক্ষা হয়৷ গত ১৭ মে প্রকাশিত ফলাফলে ওই ২৬ জন অকৃতকার্য হয়েছে বলে দেখা যায়৷
অকৃতকার্য শিক্ষার্থীরা বোর্ডে যোগাযোগ করে জানতে পারে, ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় তারা কৃতকার্য হতে পারেনি৷ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী বলে, দু-চারজনের কারণে তাদের এমন অবস্থা হয়েছে৷ এখন লোকজনের কাছে তাদের মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে।
দৈবজ্ঞগাঁতী শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, ‘ফল ঘোষণার পর থেকেই আমাদের পরীক্ষার্থীদের ফলাফল সংশোধনের আশ্বাস দেওয়া হচ্ছে৷ কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি৷’ তিনি বলেন, ‘সাংসদের হস্তক্ষেপে আমাদের পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা রায়গঞ্জ কেন্দ্রে দেয়৷ লিখিত পরীক্ষার সময় সলঙ্গা কেন্দ্র থেকে বোর্ডে তাদের উপস্থিতির তথ্য পাঠালেও ব্যবহারিকের সময় তারা ছাড় দেয়নি৷ ওই কেন্দ্র থেকে ব্যবহারিকে ওই ২৬ পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়৷ ফলে পরীক্ষার্থীরা রায়গঞ্জ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা দিলেও বোর্ড তাদের ওই নম্বর আর যোগ করেনি৷’
সলঙ্গা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব শহিদুল ইসলাম বলেন, ‘আমার এখানে ওই শিক্ষার্থীদের কেন্দ্র ফেলা হলেও তারা এখানে পরীক্ষা দেয়নি। যে কেন্দ্রে তারা লিখিত পরীক্ষা দিয়েছে, ব্যবহারিক পরীক্ষাও সেখানেই দিয়েছে। তাই ফলাফলের ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’
রায়গঞ্জ বিএম ও টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব আবদুল মালেক বলেন, ‘কিছুটা ভুল-বোঝাবুঝির কারণে ওই ২৬ পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। শিগগিরই তাদের প্রকৃত ফলাফল পাওয়া যাবে বলে আশা করছি।’