কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর বাড়ির পাশের দুই কেন্দ্রে কারচুপি হতে পারে বলে আশঙ্কা করছেন অপর দুই প্রার্থী। বিএনপির প্রার্থী আবদুল লতিফ ও স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল হক এই আশঙ্কার কথা জানান।
বিএনপির প্রার্থী আবদুল লতিফ অভিযোগ করে বলেন, ‘গোয়ারীভাঙ্গা ও লটিয়া আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামের বাড়ির কাছের দুটি কেন্দ্র। এসব কেন্দ্রের ভোট সকাল ১০টার মধ্যে শেষ করে ফেলবে বলে আওয়ামী লীগের লোকজন জানিয়েছে। এ ছাড়া এসব এলাকায় আমাদের প্রচার চালাতে বাধা দিচ্ছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’
স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল হক বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম ও তাঁর লোকজন প্রকাশ্যে লোকজনের সামনেই বলে বেড়াচ্ছে লটিয়া ও গোয়ারীভাঙ্গা কেন্দ্রের ভোট সকালেই শেষ করে ফেলবে। এতে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কয়েকজন মেয়র পদপ্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি কখনোই ভোটকেন্দ্র দখলের পক্ষে নই, ভোট কাটার তো প্রশ্নই ওঠে না। ভোটকেন্দ্র দখলের অপপ্রচার চালিয়ে ভোটারদের এবং প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে আমার প্রতিপক্ষরা। আমি শঙ্কা করছি প্রতিপক্ষ হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়, হোমনা পূর্বপাড়া, পশ্চিম শ্রমদ্দি ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তাঁরা প্রভাব বিস্তার করে ভোট কেটে (কারচুপি) ফেলতে পারে। তবে আমাদের নিকট তথ্য রয়েছে তারা টাকা দিয়ে ভোটারদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল বলেন, ‘গোয়ারীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি একটু দুর্গম এলাকায় অবস্থিত তবে ঝুঁকিপূর্ণ নয়। আমরা ১০ কেন্দ্রের সব কটিকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’