
মেহেরপুর পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বলেন, মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে দুটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। সেখানকার দুই প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার পাল, এ কে এম শাহিন কবির সকালে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তাঁরা বলেন, সোমবার রাতে দুর্বৃত্তরা ওই দুটি কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে। পরে ব্যালট বাক্সে ভরে দেয়। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল। সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার পাল বলেন, ‘রাতে দুর্বৃত্তরা এসে ব্যালট ছিনতাই করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছিল। সকালের দিকে এ নিয়ে নিরাপত্তাহীনতায় ছিলাম। তাই ভোট না নেওয়ার জন্য আবেদন করেছিলাম।’
সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন। পৌনে ১০টার দিকে নিরাপত্তার কথা বলে ৭ নম্বর ওয়ার্ডের মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে স্থাপিত ১১ ও ১২ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেন প্রিসাইডিং কর্মকর্তা। দুপুর পৌনে ১২টার দিকে ব্যালট বাক্স, ব্যালট ও ভোটের সরঞ্জাম গুছিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে নেওয়া হয়।
দুপুরে পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ১১ নম্বর কেন্দ্রে দায়িত্বে থাকা এসআই কার্তিক চন্দ্র পাল ও ১২ নম্বর কেন্দ্রে এসআই ফকরুল ইসলামকে দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটার দিকে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। জাহাঙ্গীর বিশ্বাস বলেন, এটি একটি পাতানো নীলনকশা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছিল। ষড়যন্ত্র করে সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোট বন্ধ রাখা হয়। শেষ ঘণ্টায় প্রতিটি কেন্দ্রে প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দলের লোকজন নৌকা প্রতীকে সিল মেরেছে।
তবে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমানের নির্বাচনী প্রধান এজেন্ট শহিদুল ইসলাম দাবি করেন, ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এর চেয়ে ভালো নির্বাচন হতেই পারে না।
গতকাল সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত পৌর শহরের ১৩টি ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। ৪ নম্বর ওয়ার্ডে সেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবুল খয়েরের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জন কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে। তারা ব্যালট পেপার ও বাক্স চায়। রাজি না হওয়ায় তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ব্যালট পেপার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা আমার মুঠোফোনটি পা দিয়ে মাড়িয়ে চলে যায়।’
৬ নম্বর ওয়ার্ডের বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হান্নান বলেন, ‘ব্যালট পেপার ছিনতাই হওয়ার ব্যাপারে আমাকে রাত ২টা ৩৪ মিনিটে এক সহকর্মী মুঠোফোনে সজাগ করে দিয়েছিলেন। পুলিশ সদস্যদের আগেই সতর্ক করেছিলাম। কোনো সমস্যা হয়নি।’
প্রায় সাড়ে ছয় বছর পর মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।