দুই কোটি টাকা ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দায় নিহত এক বাংলাদেশির পরিবার দুই কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। গতকাল সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের কাছে এই টাকা হস্তান্তর করেন মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস। ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর সিলেটের নাগরিক বশির উদ্দিনকে গুলি করে হত্যা করেন এক সৌদি নাগরিক। পরে সৌদি আরবের আদালত ওই নাগরিককে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেন। গতকাল ওই টাকাই বশিরের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এ সময় বশিরের স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন। বশির উদ্দিনের শ্যালক ফারুক আহমেদ অনুষ্ঠানে বলেন, ‘বশির উদ্দিন মারা যাওয়ার পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সৌদি আরবে মামলা করি। সেই মামলায় এই ক্ষতিপূরণ। প্রবাসীকল্যাণ বোর্ডের কাছে আমরা ঋণী। বশির আর ফিরে আসবে না কিন্তু এই পরিবারটির আর্থিক অনটন দূর হলো।’