দুই কোটি টাকা ঘুষে দপ্তরি নিয়োগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে প্রায় পৌনে দুই কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে অন্তত ১৫ জন চাকরিপ্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। চারজন প্রার্থী আদালতে মামলা করেছেন।
অভিযোগ ও মামলার আরজিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের স্থানীয় নেতাসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা (এটিইও) নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত। ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে সংশ্লিষ্ট এলাকার (ক্লাস্টার) দায়িত্বে থাকা এটিইও কেশব চন্দ্র ও আবুল কালাম আজাদকে অসুস্থ দেখানো হয় এবং অন্য ক্লাস্টারের এটিইও আবদুর রাজ্জাকের মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। নিয়োগ-বঞ্চিত ব্যক্তিরা এ প্রক্রিয়া স্থগিত করে নতুন করে নিয়োগের দাবি জানিয়েছেন।
ঘুষের টাকা কয়েকজন নেতার পকেটে যাওয়ায় শাসক দল ও জাতীয় পার্টির মাঠপর্যায়ের অন্য নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অন্তত ১২ জন রাজনীতিক, শিক্ষক ও চাকরিপ্রার্থী অভিযোগ করেন, মনিয়ারহাট, কুটিবাগডাঙ্গা, বাগডাঙ্গা, চরনুনখাওয়া, কাছাড়িপয়ড়াডাঙ্গা, দক্ষিণ সুখাতী, লুছনী ও নায়কেরহাট বিদ্যালয়ে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত সদস্যরা প্রকাশ্যে ঘুষ দাবি করেন। এতে আবেদনকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জাতীয় পার্টির স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমানের পক্ষে নাগেশ্বরী পৌরসভার মেয়র আবদুর রহমান মিয়া ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান ৩২টি প্রাথমিক বিদ্যালয়কে দুই ভাগ করে তাঁদের দলীয় কার্যালয়ে বসে প্রার্থী তালিকা চূড়ান্ত করেন। যাঁরা টাকা দিতে ব্যর্থ হয়েছেন, তাঁদের নাম ওই তালিকায় ওঠেনি। মোজাম্মেল হক প্রধানের ভাগে ২১টি আর পৌর মেয়র আবদুর রহমানের ভাগে নয়টি বিদ্যালয় ছিল। উপজেলা শিক্ষা কর্মকর্তার পক্ষে কাজ করেছেন এটিইও আবদুর রাজ্জাক। নিয়োগ-প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিরা পাঁচ থেকে ছয় লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনীত করেছেন।
এটিইও আবদুর রাজ্জাক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই এলাকায় দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে আমি অফিসপ্রধান এবং সব দলের নেতাদের কাছে প্রিয়। নিয়োগ কার্যক্রম জটিল-প্রক্রিয়ায় হওয়ায় সবাই আমাকে এ কাজ করে দিতে বলেন। এ কারণে আমি অধিকাংশ বিদ্যালয়ের নিয়োগ বোর্ডে ছিলাম।’
মোজাম্মেল হক প্রধান নিয়োগের জন্য অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার দল সরকারে, আমাদের লোক চাকরি পাবে—এটাই স্বাভাবিক। তার পরও আমি মাত্র ছয়টি বিদ্যালয়ে নিয়োগে সুপারিশ করেছি।’ তবে বহুবার যোগাযোগের চেষ্টা করেও পৌর মেয়র আবদুর রহমানের দুটি মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘নিয়োগ না পেলেই অভিযোগ করা একটা খারাপ অভ্যাসে পরিণত হয়েছে। প্রায় সব বিদ্যালয়ের নিয়োগ নিয়ে অভিযোগ এসেছে। এসব অভিযোগ তদন্ত করার এখতিয়ার আমার নেই।’
এ ব্যাপারে ইউএনও আবু হায়াৎ মো. রহমতুল্লাহ বলেন, ‘সম্প্রতি উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ২৫টি বিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত তালিকার কাগজপত্র আমার দপ্তরে এসেছে। কিন্তু এ নিয়োগের তালিকা তৈরির ব্যাপারে বেশ কিছু অভিযোগ ও অন্তত চারটি মামলা থাকায় বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘অভিযোগ পেয়েছি৷ কিন্তু এ ব্যাপারে আমার কিছুই করার নেই৷’
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগের প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসে শুরু হয়। প্রতিটি বিদ্যালয়ে পাঁচ থেকে ১২ জন প্রার্থী চাকরির জন্য আবেদন করেন। বিধি অনুযায়ী, সাক্ষাৎকার গ্রহণ শেষে তিনজনের নামের তালিকা ইউএনওর কাছে জমা দেওয়া হয়। এখন সংশ্লিষ্ট সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের অনুমোদনে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।