দুই কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার নেই
ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখায় প্রায় দুই কোটি টাকা চুরির ঘটনায় গতকাল রোববার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন যে পাঁচজনকে র্যাব আটক করেছিল, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ব্র্যাক ব্যাংক ও এর আগে ইসলামী ব্যাংকে চুরির ঘটনায় জয়পুরহাটে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক জালাল উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেছেন, দুটি ব্যাংকসহ শহরের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে টাকা লুটের ঘটনায় তাঁরা খুবই উদ্বিগ্ন। এসব ঘটনার পর তাঁরা নিজেরাই নিরাপত্তা বাড়িয়েছেন। একই কথা বললেন প্রাইম ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ময়েন উদ্দিন ও অগ্রণী ব্যাংকের আবদুস সালামও। তাঁরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকী জানান, রাজশাহীর সিআইডি পুলিশের একটি দল শনিবার রাতে ঘটনাস্থলে এসে পা ও হাতের আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত পরীক্ষা-নিরীক্ষা করেছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার একটি দল। এ ছাড়া ঢাকায় ব্র্যাংক ব্যাংকের হেড অব সিকিউরিটি সালেহ আহম্মেদ খানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার বলেন, শাহজাহান ম্যানশনের পাশে মৌসুমী মার্কেটের দ্বিতীয় তলা এনজিওর নামে যে ব্যক্তি ভাড়া নেওয়ার কথা বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন করা সম্ভব হবে। শাহজাহান ম্যানশনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের শাখাটি অবস্থিত। গত শুক্রবার রাতের কোনো একসময় ব্যাংকের দেয়াল কেটে ভল্টে রক্ষিত এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।