দুই কোটি টাকা নিয়ে উধাও
ফরিদপুরের মধুখালীতে শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দিয়েছে। সুনামগঞ্জে সদস্যদের প্রায় সাত লাখ টাকা আত্মসাৎ করে একটি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা উধাও হয়ে গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর ধরে ‘ফারইস্ট ইসলামী মাল্টিঃ কো-অপারেটিভ সোসাইটি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান মধুখালী উপজেলা শহরের জাকির মার্কেটের দোতলায় কার্যালয় স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মধ্যে মাসিক লভ্যাংশভিত্তিক হিসাব (এমপিডিআর) প্রকল্পটি জনপ্রিয় করে তোলার জন্য প্রতি মাসে এক লাখ টাকা বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের দুই হাজার টাকা লভ্যাংশ দেওয়া হতো। এতে শতাধিক ব্যক্তি ওই প্রতিষ্ঠানে এক থেকে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির পরিচালকসহ সব কর্মকর্তা-কর্মচারী কার্যালয় বন্ধ করে দিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে ২৩ আগস্ট ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এজাহার করেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিষ্ণু পদ বিশ্বাস। এজাহারে তিনি প্রতারিত ২৩ জনের নাম উল্লেখ করেন, যাঁরা ওই প্রতিষ্ঠানে ৩৩ লাখ ২২ হাজার টাকা জমা রেখেছিলেন। মামলার আসামি করা হয় প্রতিষ্ঠানটির পরিচালক লায়ন নুরুজ্জামান, সহকারী পরিচালক মো. আনিচুর রহমান, নজরুল ইসলাম, অফিস সহকারী ভূপতি বৈদ্য ও ডলি বেগমকে। আদালত এজাহারটি মামলা হিসেবে গণ্য করে তদন্ত করার জন্য মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ওসি সৈয়দ মোহসীনুল হক জানান, আদালতের নির্দেশ পেয়ে তিনি এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করেছেন, তদন্ত চলছে। ২০০৮ সালের মাঝামাঝি সময় থেকে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জামালগঞ্জ উপজেলায় কাজ শুরু করে স্বদেশ সোর্সিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রথমে দুই হাজার ৩০০ টাকা দিয়ে এর সদস্য করা হয়। পরে ওই সদস্যরা আরও দুই হাজার ৭০০ টাকা জমা দিয়ে কোম্পানির কাছ থেকে একটি পণ্য কেনেন। পরে তাঁরা এভাবে যত সদস্য করবেন, তত কমিশন পাবেন, এটাই ছিল নিয়ম। সুনামগঞ্জে প্রায় দুই হাজার সদস্য আছেন। কিন্তু পরে সদস্যদের আর কোনো কমিশন দেওয়া হয়নি। প্রায় সাত লাখ টাকা না দিয়েই কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা আত্মসাৎ করেছে।স্বদেশের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা লিয়াকত হোসেন জানান, প্রতিষ্ঠানটি একটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি। ঢাকায় প্রধান কার্যালয় রয়েছে। সুনামগঞ্জের ব্যবস্থাপক হিসেবে ফারুক আহমদ ও সমন্বয়কারী হিসেবে তাপস রঞ্জন তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরা সদস্যদের টাকা আত্মসাৎ করেছেন।