দুই কোটি টাকা নিয়ে ঠিকাদার উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও ধামরাই এবং মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার একাংশের কয়েক লাখ মানুষ দীর্ঘদিন ধরে বংশী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সেতু নির্মাণের কাজ শুরুও হয়েছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির নিচে ১৩টি পিলার তুলেই দুই কোটি টাকা বিল নিয়ে চলে গেছে। ফলে সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। ধামরাই উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে সাভারের নামাবাজার ও ধামরাইয়ের ফোডনগর এলাকায় বংশী নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২৭৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ২০ কোটি টাকা। সেতুটি নির্মাণের দায়িত্ব পায় মামুদ বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটি দুই বছর ধরে নদীর দুই তীরে মাটির নিচে ১৩টি পিলার নির্মাণ করে। কিন্তু তারা দুই কোটি টাকার বিল নিয়ে কাজ ফেলে চলে যায়। গত ফেব্রুয়ারি মাসে সেতুটি নির্মাণের জন্য আবারও দরপত্র আহ্বান করা হয়। এবার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা। গত বুধবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন।সরেজমিন গিয়ে সাভার অংশে (নদীর পূর্ব তীরে) ১০টি এবং ধামরাই অংশে (পশ্চিম তীরে) তিনটি পিলার চোখে পড়ে। এসব পিলারের পুরোটাই রয়েছে মাটির ভেতর। ফোডনগরের বাসিন্দা আমজাদ হোসেন ও উসমান এবং সাভার পৌর এলাকার সাখাওয়াত হোসেন জানান, মাস তিনেক আগে প্রতিষ্ঠানটি কাজ ফেলে চলে যায়। এর পর থেকে সেতু নির্মাণে আর কোনো তৎপরতা দেখা যায়নি।স্থানীয় বাসিন্দারা বলেন, মাটির নিচে মাত্র ১৩টি পিলার তুলতে দুই কোটি টাকা খরচ হতে পারে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিক সুবিধা নিয়ে ঠিকাদারকে ওই পরিমাণ বিল পরিশোধ করেছেন।ধামরাইয়ের উপজেলা প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান বলেন, ১৩ ভাগ কাজ সম্পন্ন করার পর প্রতিষ্ঠানটিকে দুই কোটি টাকার বিল পরিশোধ করা হয়। এরপর নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাতে প্রতিষ্ঠানটি বাকি কাজ না করেই চলে যায়। এ কারণেই ব্যয়ের পরিমাণ বাড়িয়ে আবারও দরপত্র আহ্বান করা হয়েছে। এ কাজে দুই কোটি টাকা খরচ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হিসাব-নিকাশ করেই বিল পরিশোধ করা হয়েছে। তবে যোগাযোগের জন্য ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর চাইলেও দেননি প্রকৌশলী আনিসুজ্জামান। এ ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে আনিসুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত বাবদ দুই কোটি টাকা জরিমানা হিসেবে দেখানো হয়েছে এবং তা রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে। কাজ সম্পন্ন না করে চলে গেলে জামানত বাজেয়াপ্ত করার পাশাপাশি জরিমানা করার নিয়ম থাকলেও এখানে তা করা হয়নি।খেয়া পারাপারে ভোগান্তি: ধামরাইয়ের কুল্লা, রোয়াইল ও সোয়াপুর ইউনিয়নের ৩০টি এবং সিঙ্গাইরের তিনটি গ্রামসহ সাভার পৌর এলাকার অন্তত ২০ হাজার লোক নানা প্রয়োজনে প্রতিদিন বংশী নদী পার হয়ে থাকেন। এভাবে নদী পার হতে গিয়ে এসব এলাকার প্রায় দুই লাখ লোক বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন। বংশী নদীর এক কিলোমিটার এলাকায় মাত্র তিনটি খেয়া নৌকায় ধামরাইয়ের ফোডনগর, রূপনগর ও ধল্লা এলাকার লোকজনকে পারাপার করতে দেখা যায়। তবে স্থানীয় উদ্যোগে আরও কয়েকটি ডিঙি নৌকায় লোকজনকে পারাপার হতে দেখা গেছে।